সিয়াং প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য লেপা পুনর্বাসন প্যাকেজ,অরুণাচলে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

30

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অরুণাচল প্রদেশের প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করে বলেছেন যে, তাঁদের দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমেই এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে।
অমিত শাহ জানান, কেন্দ্রীয় সরকার সিয়াং অঞ্চলের মানুষের সাংস্কৃতিক পরিচিতি ও ঐতিহ্যকে সম্মান করবে। তিনি তাঁদের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসে প্রস্তাবিত প্রকল্পটি নিয়ে কথা বলার আহ্বান জানান।
অরুণাচল প্রদেশের বান্দরদেওয়ায় ‘প্রেসিডেন্টস পুলিশ কালার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়, অমিত শাহ এই প্রস্তাবিত প্রকল্প ঘিরে উদ্বেগ এবং প্রকল্প ঘোষণার পর সিয়াং অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির কথা স্বীকার করেন।
সিয়াং প্রকল্পকে জাতীয় প্রকল্প হিসেবে অভিহিত করে অমিত শাহ বলেন, এটি দেশের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অরুণাচল প্রদেশে রাজস্ব আয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, তিনি প্রকল্পের কৌশলগত তাৎপর্যের ওপরও আলোকপাত করেন।
অমিত শাহ বলেন, সিয়াং প্রকল্প একটি জাতীয় প্রকল্প, যা দেশের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অরুণাচল প্রদেশে আয় সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটিকে অত্যন্ত কৌশলগত একটি প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।
তিনি বাসিন্দাদের আশ্বস্ত করেছেন যে, এই প্রকল্প নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে সরকার ইতিবাচক আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া চালিয়ে যাবে।
তিনি বলেন, আমি সিয়াংয়ের জনগণকে আশ্বস্ত করতে চাই যে, এই প্রকল্প নিয়ে আমরা ইতিবাচক আলোচনা ও পরামর্শের মাধ্যমেই এগিয়ে যাব এবং আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছব। এনিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।
স্থানীয় জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচিতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়ে শাহ বলেন, প্রকল্পের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য একটি উপযুক্ত পুনর্বাসন প্যাকেজ প্রদানের ক্ষেত্রে সরকার কোনও আপস করবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যেমন আপনাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করেন, আমরাও আপনাদের পরিচিতি ও সংস্কৃতিকে সম্মান করি। কোনও আপস না করে সিয়াংয়ের জনগণের জন্য দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে।
তিনি বাসিন্দাদের অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার এবং একটি ইতিবাচক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে সিয়াং অঞ্চলের বেশ কিছু স্থানীয় সংগঠন ও বাসিন্দা আপত্তি জানিয়েছেন। তাঁদের উদ্বেগের মধ্যে রয়েছে— জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, গ্রাম তলিয়ে যাওয়া, জমি হারানো এবং আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচিতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব।
এ ছাড়া, ইয়ারলুং সাংপো নদীতে চিনের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে এই প্রকল্পটি কৌশলগত গুরুত্বও লাভ করেছে। উল্লেখ্য, এই নদীটিই অরুণাচল প্রদেশে প্রবেশ করে ‘সিয়াং’ নামে পরিচিত হয়েছে।