প্র্যাকটিস সেরে ফেরার পথে অসমে কবাডি খেলোয়াড় নিহত দুর্ঘটনায়

30

নিউজ ডেস্ক: গুয়াহাটিতে কবাডি প্র্যাকটিস শেষ করে ঘরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক উদীয়মান কবাডি খেলোয়াড়ের। এইসঙ্গে দুজন আহত হয়েছেন। গুয়াহাটির সরুসজাই এলাকায় ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেকে প্র্যাকটিস করেছিলেন ধীরেনপাড়া নিবাসী বৈষ্ণবী সাহা। প্র্যাকটিস শেষে বাড়ি ফেরার পথে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। তাতেই মৃত্যু হয়েছে কবাডি খেলোয়াড় বৈষ্ণবী সাহার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব দ্রুতগতিতে একটি গাড়ি এসে ধাক্কা দেয় কবাডি খেলোয়াড়দের। সংঘর্ষের পরই গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি এত জোরে বৈষ্ণবী সাহাকে ধাক্কা মারে যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈষ্ণবী সাহার। বৈষ্ণবীর সঙ্গে ছিলেন আরও দুজন কবাড়ি খেলোয়াড়। আমিনগাঁও নিবাসী বিদ্যা ও মনীষার চোট লাগে সংঘর্ষে। তবে তাঁদের আঘাত খুব গুরুতর নয়। দুজনেই ভর্তি হাসপাতালে।
দুর্ঘটনার পর তল্লাশিতে বশিষ্ঠ থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করেছে পরিত্যক্ত অবস্থায়। গাড়ি চালক পলাতক। গাড়িটি লখরা থেকে খানাপাড়া যাচ্ছিল। সরুসজাইয়ের ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে জাতীয় সড়কে ওঠার রাস্তায় সংঘর্ষ ঘটে।
পথ দুর্ঘটনায় ক্রীড়াবিদের মৃত্যু স্বাভাবিকভাবেই সড়কে অতিরিক্ত গতির যান চলাচল নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। সড়ক নিরাপত্তায় প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে।