এখনও কেন তদন্ত শেষ হয়নি? আরজি কর মামলায় CBI-এর ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

7

পৃথা দাশগুপ্ত, কলকাতা: চার্জশিট দাখিল হয়েছে প্রায় দেড় বছর আগে। তারপরেও কেন তদন্ত শেষ হল না ? সিবিআই তদন্ত কী তাহলে গা ছাড়া? আরজি কর মামলার শুনানিতে মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

আজ আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দুই বিচারপতি। বিচারপতি শম্পা সরকার প্রশ্ন করেন, “সিবিআই তদন্তে হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ নষ্ট। কারা দায়ী এর জন্য ? এটাও কিন্তু একটা অপরাধ।”একইসঙ্গে বিচারপতির মন্তব্য,”পরিবারের কী অভিযোগ রয়েছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে।”

ক্রম তালিকা অনুযায়ী আজ কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি। ২১ মে’র নির্দেশ অনুযায়ী এই মামলার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআই জানিয়েছে, নির্দেশ অনুযায়ী তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। কিন্তু, বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, আদালতের নির্দেশই বুঝতে ব্যর্থ হয়েছে সিবিআই। বিচারপতির মন্তব্যের উত্তরে সিবিআই জানায়, তাঁরা একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন, পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দিয়েছেন।

সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দিয়ে বিচারপতি বলেন, মায়ের বক্তব্য কোথায়? সিবিআই জানিয়েছে, তাঁরা বক্তব্য লিখে রেখেছেন। এরপরই তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

তদন্ত সিআইডিকে দেওয়া হোক – সওয়াল তিলোত্তমার পরিবারের আইনজীবীর। বিচারপতি শম্পা সরকার সিবিআই আধিকারিকদের তদন্তে আস্থা রেখেছেন। আশা করছেন যে তাঁরা সঠিক তদন্ত করবে। পাশাপাশি কোর্টের স্পষ্ট নির্দেশ, পুরোনো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। মামলার পরবর্তী শুনানি ৬ অগাস্ট।