
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচের সবকটাতে গোল করে বিরল নজির গড়লেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। বুধবার রাতে স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়াগোল করেন ভিনিসিয়াস। এর আগে মরক্কো এবং হাইতির বিরুদ্ধেও গোল করেন তিনি। পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে বিরল এই রেকর্ড গড়েন ভিনিসিয়াস। এর আগে জর্জিনহো, রোমারিও, রোনাল্ডো এবং রিভাল্ডো গ্রুপ লিগের প্রথম তিন ম্যাচের সবকটাতেই গোল করেছিলেন। মজার ঘটনা হল, জর্জিনহো, রোমারিও, রোনাল্ডোরা সবাই ব্রাজিল জার্সিতে বিশ্বকাপও জেতেন। সত্তরের বিশ্বকাপ জেতেন জর্জিনহো, রোমারিও জেতেন ৯৪-এর বিশ্বকাপ। রোনাল্ডো এবং রিভাল্ডো বিশ্বকাপ জেতেন ২০০২ সালে। এবার কি তাহলে ভিনিসিয়াসের পালা? বিশ্বকাপে ইতিমধ্যে চার গোল হয়ে গেল ব্রাজিলের নতুন তারকা ভিনি জুনিয়রের।
নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে নায়ক ভিনি
শেষপর্যন্ত মাঠে নামলেন নেইমার। গ্রুপ লিগের অন্তিম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন নেইমার। ৭৬ মিনিটে তখন ম্যাচ। বুধবার রাতে ৯৮১ দিন পর মাঠে নামেন নেইমার। ২০২৩-এর অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে মাঠে দেখা গিয়েছিল নেইমারকে। কিন্তু নেইমারের প্রত্যাবর্তনের দিনেও দলের নায়ক ভিনি। ব্রাজিলের নতুন নায়ক ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ লিগের প্রথম তিন ম্যাচের সবকটাতে গোল করে স্কটল্যান্ড ম্যাচেও সব আলো কেড়ে নেন ভিনি জুনিয়র। পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে বিরল এই রেকর্ড গড়েন ভিনি।

মাঠে নেমেই নজির গড়লেন নেইমার
২০২৩ এর অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। স্কটল্যান্ড ম্যাচে বুধবার রাতে ৯৮১ দিনের পর ফের একবার মাঠে দেখা গেল নেইমারকে। পরিবর্ত হিসেবে নেইমার যখন মাঠে নামেন তখনই অবশ্য তিন গোলে এগিয়ে ব্রাজিল। তাই দীর্ঘদিন পর মাঠে নামলেও তেমন কোনও চাপ ছিল না নেইমারের। স্কটল্যান্ড ম্যাচে মাঠে নেমেই অবশ্য নতুন নজির গড়েন নেইমার। চতুর্থ ব্রাজিলিয়ান হিসেবে চারটি বিশ্বকাপে খেলার নজির গড়েন নেইমার। এর আগে এই রেকর্ড ছিল ফুটবল সম্রাট পেলে, স্যান্টোস ও কাফুর। এখানেই শেষ নয়, ১৯৮২ বিশ্বকাপ থেকে টানা সবকটা সংস্করণে গ্রুপ শীর্ষে থাকার রেকর্ডও গড়ল সাম্বার দল। এনিয়ে টানা ১৫টি বিশ্বকাপে নকআউটে পৌঁছানোর অতিবিরল নজিরও গড়ল ভিনি-নেইমারদের ব্রাজিল।
অঘটন ঘটিয়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে বড়সড় অঘটন। এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। বুধবার রাতে থাপেলো মাসেকোর একমাত্র গোলে জেতে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জেতায় এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটের ছাড়পত্র পেল দক্ষিণ আফ্রিকা। তবে তিন পয়েন্টে থাকায় এখনও নকআউটে যাওয়ার সম্ভাবনা ফুরিয়ে যায়নি কোরিয়ারও। কারণ, প্রথম দুটো স্থানে শেষ করা গ্রুপ সেরা ২৪ টি দলের পরও তৃতীয় স্থানে শেষ করা সেরা আরও আটটি দলও পাচ্ছে নকআউটের ছাড়পত্র। তাই সম্ভাবনা রয়েছে কোরিয়ারও।
