‘আসাম ও মেঘালয়ের ইতিহাস ও সংস্কৃতি অভিন্ন’ওয়াঙ্গালা উৎসবের সুবর্ণজয়ন্তীতে হিমন্ত বিশ্ব শর্মা

20

নিউজ ডেস্ক: মেঘালয়ের তুরায় আয়োজিত ওয়াঙ্গালা উৎসবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম ও মেঘালয়ের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন।
পশ্চিম গারো হিলসের গারো হেরিটেজ ভিলেজ-এ গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এই উৎসবে ১,০০০টি ঢোল নিয়ে ২,০০০ নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন।
হিমন্ত বলেছেন, এই উৎসব অসম ও মেঘালয়ের অভিন্ন ঐতিহ্য উদযাপন করার এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার একটি সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, এই দুই রাজ্যের মধ্যকার সম্পর্ক ভৌগোলিক সীমানার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এর মূলে রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও আবেগ।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে হিমন্ত বলেন, যেন তারা আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও পেশাগত সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের মাতৃভাষা, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি সংরক্ষণ করে।
ওয়াঙ্গালা উৎসবকে আদিবাসী জ্ঞান ও প্রথাগত প্রজ্ঞার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এধরনের উৎসবকে শুধু সাংস্কৃতিক পারফরম্যান্স বা পর্যটনের আকর্ষণ হিসেবে দেখা উচিত নয়, বরং এগুলোকে জীবন্ত ঐতিহ্য হিসেবে গণ্য করা প্রয়োজন, যা প্রকৃতির সঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর সম্পর্ক ও তাদের বিশ্বাসকে প্রতিফলিত করে।
ওয়াঙ্গালা উৎসব ১৯৭৫ সালে তুরার চান্দমারি খেলার মাঠে ১০টি ঢোল নিয়ে সূচনা হয়েছিল। পরবর্তীকালে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন উইলিয়ামসন এ সাংমার পরামর্শে এই আয়োজনে ঢোলের সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়।
ওয়াঙ্গালা, ১০০ ঢোলের উৎসব নামেও পরিচিত— গারো সম্প্রদায়ের প্রধান ফসল কাটার উৎসব। প্রচুর ফসল পাওয়ার কৃতজ্ঞতাস্বরূপ এই উৎসব পালন করা হয়, যেখানে ঐতিহ্যবাহী সংগীত, নৃত্য ও বিভিন্ন আচার-অনুষ্ঠান পরিবেশিত হয়।