‘শ্যাম ভাই’ পিত্রোদাকে দীপাবলির শুভেচ্ছা মোদীর

28

নিউজ ডেস্ক: শ্যাম পিত্রোদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “গুজরাটি বন্ধু” বলে অভিহিত করার এবং ব্যক্তিগত স্তরে তাঁর সঙ্গে কোনও সমস্যা নেই বলে জানানোর পরই প্রধানমন্ত্রী মোদী পিত্রোদাকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।
টেলি-যোগাযোগ বিশেষজ্ঞ শ্যাম পিত্রোদা বর্তমানে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান। রাহুল গান্ধীর যাবতীয় বিদেশ সফরের সূচি তিনিই স্থির করেন। তবে মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্যের জেরে শ্যাম পিত্রোদা খবরের শিরোনামে এসেছেন।
রাজনৈতিক মতপার্থক্য, তীব্র সমালোচনা এবং বিভিন্ন সংঘাতের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মধ্যে ঐকমত্য খুব কমই দেখা গেছে। তবে দীপাবলি উপলক্ষে এক অপ্রত্যাশিত সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘদিনের সমালোচককে দীপাবলির শুভেচ্ছা জানালেন এবং তাঁকে সম্বোধন করেছেন শ্যাম ভাই বলে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দীপাবলি ও গুজরাটি নববর্ষ উপলক্ষে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান শ্যাম পিত্রোদাকে শুভেচ্ছা জানান। পিত্রোদা প্রধানমন্ত্রীকে তাঁর গুজরাটি বন্ধু হিসেবে অভিহিত করার এবং ব্যক্তিগত পর্যায়ে তাঁর সঙ্গে কোনও সমস্যা নেই বলে জানানোর পরপরই প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত শুভেচ্ছা বার্তা।
প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আপনাকে এবং অঞ্জনা বেনকে দীপাবলি ও গুজরাটি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শ্যাম ভাই। আগামী বছর যেন আনন্দময় ও স্বাস্থ্যকর হয়, সেই প্রার্থনা করি। জয় জগন্নাথ!
উল্লেখ্য, সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রোদা যিনি শ্যাম পিত্রোদা নামেই সমধিক পরিচিত, তাঁর জন্ম ওড়িশায়। সেজন্যই হয়তো শুভেচ্ছাবার্তার শেষে জয় জগন্নাথ লিখেছেন মোদী।
এর আগে, পিত্রোদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটি বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে, ব্যক্তি হিসেবে তিনি তাঁকে শ্রদ্ধা করেন।
পিত্রোদা বলেছেন, তিনি আমার একজন গুজরাটি বন্ধু। একজন মানুষ হিসেবে আমি তাঁকে শ্রদ্ধা করি। নিঃসন্দেহে তিনি একজন ভালো বক্তা এবং কঠোর পরিশ্রমী। আমাদের মধ্যে সম্পর্কও বেশ ভালো। তাঁর সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনও সমস্যা নেই। একজন গুজরাটি নেতা, বন্ধু বা শুভাকাঙ্ক্ষী— কোনও দিক থেকেই মোদীর প্রতি আমার কোনও আপত্তি নেই। তিনি আমার সঙ্গে অত্যন্ত আন্তরিক আচরণ করেছেন, যা আমি সমাদরের সঙ্গে দেখি।
কংগ্রেস নেতা আরও স্মরণ করেন যে, তিনি ও তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন এবং মোদী তাঁদের সঙ্গে অত্যন্ত আন্তরিক আচরণ করেছিলেন।
এরপর শ্যাম পিত্রোদা বলেছেন, একইভাবে, গুজরাটে তাঁর বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি। আমার স্ত্রী ও আমি তাঁর সঙ্গে দেখা করেছি। ব্যক্তিগত পর্যায়ে তিনি অত্যন্ত আন্তরিক, দয়ালু, স্নেহশীল এবং যত্নবান।
প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্যের বিষয়ে পিত্রোদা বলেন যে, তাঁদের মতপার্থক্য রাজনৈতিক ও আদর্শগত, ব্যক্তিগত নয়।
পিত্রোদা যোগ করেছেন, তবে বিশ্ব সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। তাঁর আদর্শের সঙ্গেও আমার মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সেটি সম্পূর্ণ আলাদা বিষয়, এটি কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং একটি ধারণার বিরুদ্ধে। আর এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।
তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব।
তিনি যোগ করেন, মোদীর সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে, আবার তাঁর সঙ্গে বসে খাওয়া বা হাসি-ঠাট্টা করাও সম্ভব। তাই এ নিয়ে আমার কোনও সমস্যা নেই।
দুই নেতার মধ্যে এই সখ্য এমন এক সময়ে দেখা গেল, যখন বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, কংগ্রেস বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছে।
পিত্রোদা অবশ্য এই দাবি খারিজ করেছেন, যেখানে তাঁকে এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ধনকুবের বিনিয়োগকারী জর্জ সোরসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, বিরোধী দলের ওপর বিদেশি প্রভাব রয়েছে— বিজেপির এমন অভিযোগে বারবার জর্জ সোরসের নাম উঠে এসেছে।