ঋণ নিয়ে আলু চাষ! বরপেটায় কৃষকদের মধ্যে হাহাকার

137

ইউসুফ আলি, বাঘবর: বাঘবরে কৃষকদের মধ্যে হাহাকার। বরপেটার মন্দিয়া এলাকার কৃষকরা দিশেহারা। আলু চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখিন স্থানীয় কৃষকরা। প্রতি বিঘায় লোকসান হচ্ছে ৩০-৩৫ হাজার টাকা। নেই সরকারি সহায়তা।
বন্ধন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন কেউ। আবার কেউ বিক্রি করেছিলেন গবাদি পশু। অনেকে আবার অলঙ্কার বন্ধক রেখে আলু চাষ করেছিলেন। ফলন ভালো হয়েছে। কিন্তু তারপরও কৃষকদের মধ্যে হাহাকার পরিস্থিতি।
মাথার ঘাম পায়ে ফেলে যারা আলু চাষ করেছিলেন, তাঁদের জন্য নেই ক্রেতা। বিক্রী করতে না পারায় আলু পচে যাচ্ছে। প্রতি কেজি আলু এক টাকা দরেও বিক্রী হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। ফলে ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। প্রতি বিঘায় লোকসান হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
একদিকে খদ্দের নেই। খদ্দের এলেও দাম পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, অতিরিক্ত বৃষ্টিপাত। ফলে মাঠেই পচন ধরেছে আলুতে। তাই এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন আলু চাষীরা। কৃষি বিভাগ ও অসামরিক খাদ্য ও সরবরাহ বিভাগের সহায়তা চেয়েছেন তাঁরা।