পৃথা দাশগুপ্ত: কয়েক মাস পর অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করলেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। আজ কলকাতা হাইকোর্টের এক নম্বর আদালতকক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি ।
১৯৯০ সালে ছত্রপতী সম্ভাজী নগরের এমপি ল কলেজ থেকে আইন পাস করার পর ওই বছরেই বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কেরিয়ারের শুরুতে শ্রমিকদের অধিকার রক্ষায় বহু মামলা পরিচালনার পাশাপাশি তিনি ২৫০টির বেশি কর্পোরেট ও বহুজাতিক সংস্থার আইনি লড়াইয়ে অংশ নেন। আইন পেশার পাশাপাশি তিনি ড. বাবাসাহেব আম্বেডকর মরাঠওয়াডা বিদ্যাপীঠে অতিথি অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৩ সালের ২১ জুন বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন রবীন্দ্র ঘুগে এবং পরবর্তীকালে ২০২৬ সালের জুন মাসে তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান। বম্বে হাইকোর্টের সেই দীর্ঘ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করলেন তিনি। এর আগে হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের প্রায় এক মাস পর কেন্দ্রীয় সরকারের তরফে বম্বে হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।