জ্ঞানেশকুমারের বিরুদ্ধে প্রতিবাদ, আটক গৌরব গগৈ

35

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমার গুপ্তার বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের। গুয়াহাটিতে প্রতিবাদ কর্মসূচি চালানোর সময় অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ সহ অন্যান্য নেতানেত্রীকে আটক করে পুলিশ।
জ্ঞানেশকুমারকে অপসারণ ও গ্রেফতার এবং তাঁর কার্যকালে ভোটার তালিকায় আনা পরিবর্তনগুলোর নিরপেক্ষ পর্যালোচনার দাবিতে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে অসম কংগ্রেস এই বিক্ষোভের আয়োজন করেছিল। কংগ্রেসের পরিকল্পনা ছিল রাজীব ভবন থেকে জনতা ভবনে অবস্থিত অসমের নির্বাচনী আধিকারিকের কার্যালয় পর্যন্ত মিছিল করার।
অসম প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরা বলেছেন, গৌরব গগৈ, এআইসিসি সম্পাদক মনোজ চৌহান, সেবা দলের সভাপতি দীপ বায়ন, উদিতভানু দাস, বিদিশা নেওগ, মৌসুমি নেওগ, তাজিকা পারভিন, মাইনাজান বেগম, শান্তনু বরা, গোলাম মোস্তাক ওসমানি, অঙ্কুর রাজ গগৈ ও আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বেদব্রত বরা অভিযোগ করেন যে, গণতান্ত্রিক উপায়ে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় কংগ্রেস নেতাদের আটক করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, বিক্ষোভ চলাকালে পুলিশ বলপ্রয়োগ করে। ওই সময় বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুল পোড়ানোর চেষ্টা করছিল।
এসআইআর প্রক্রিয়া রাজনৈতিক বিতর্কের জেরে কংগ্রেস জ্ঞানেশকুমারের পদত্যাগ ও অপসারণের দাবি জানিয়ে আসছে।
কংগ্রেস ২৮ সেপ্টেম্বর দেশের সব জেলা কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছে।