বাংলাদেশের ২৩ জেলায় নাশকতা চলন্ত ট্রেনে আগুন, পুড়ল ১২ বাস

38

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের বিক্ষোভের জেরে জ্বলছে বাংলাদেশ। নাশকতা ছড়িয়েছে বাংলাদেশের ২৩ জেলায়। কোথাও বাস–ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালানো হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে আগুন দেওয়ার ঘটনাও আছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
এ ছাড়া বিভিন্ন জায়গায় একাধিক সরকারি দপ্তর, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে নাশকতার ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনা ঘটেছে, গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ী জেলায়।
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। একই উপজেলার তৈলাদ্বীপ এলাকায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে গতকাল বুধবার রাতে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তারা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়।
চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ করে আতশবাজি নিক্ষেপের ঘটনা ঘটেছে। ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতু রেল–সংযোগের একটি পিলার গভীর রাতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজীপুরের ভুরুলিয়ায় বিদ্যুৎ অভিযোগকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা সড়কে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় শাহিন নামের একজনকে আটক করা হয়েছে।
রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়া হয়। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা একটি দোকানে আগুন লাগানো হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই জেলার সুজানগরে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
পাবনার জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঢাকা-টাঙ্গাইল সড়কের গোড়াই এলাকার উড়ালসড়ক থেকেও নিচের দিকে পেট্রলবোমা ছোড়ার ঘটনা ঘটেছে।
চলন্ত বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনের একটি কোচের দুটি সিট আগুনে পুড়ে যায়। ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়।
ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বাসে আগুন দেওয়া হয়। নেত্রকোনায় ট্রেনে, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার কার্যালয়ে আগুন দেওয়া হয়। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
সিলেট নগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সব কটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় রেলওয়ের সংকেত বাক্সে আগুন দেওয়া হয়।
চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউপি ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কিছু আসবাব পুড়ে গেছে।
নিষিদ্ধ আওয়ামী লীগকে রুখতে রাস্তায় নামার ডাক দিয়েছে বাংলাদেশের শাসকদল বিএনপি এবং দুই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যথেষ্ট হয়েছে। আমরা এই সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী এবং খুনিদের পরিষ্কার বার্তা দিতে চাই। একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যে দেশে তারা পালিয়েছে, সেখানে তাদের প্রভুরা থাকে। তারা ষড়যন্ত্র করে ওই প্রভুদের খুশি করতে চাইছে। ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না।