সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পাল্টা জিরো এফ আই আর দায়ের করলেন অভিষেক

34

পৃথা দাশগুপ্ত কলকাতা: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে আজ গিরিশ পার্ক থানায় হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর সেখানেই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ দায়ের করেন ডায়মন্ড হারবারের সাংসদ।

পুলিশি তলবে সাড়া দিয়ে আজ গিরিশ পার্ক থানায় হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।‌ বেলা সাড়ে ১২টার পর কালীঘাটের বাড়ি থেকে রওনা দেন। থানায় পৌঁছোন ১টা নাগাদ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে গিরিশ পার্ক থানার সামনে উত্তেজনা তৈরী হয়। বিকেলে তিনি বেরিয়ে যাওয়ার পরেও উত্তেজনা থামেনি। মমতা তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেওয়ার আগে থেকেই গিরিশ পার্ক থানার সামনে জড়ো হয়েছিলেন মমতা তৃণমূলের সমর্থকেরা।পুলিশকে কাজে লাগিয়ে রাজনৈতিক কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন মমতা তৃণমূলের সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছোনোর পর থানার সামনে তাঁর পক্ষে স্লোগান দেন কালীঘাটপন্থী সমর্থকেরা। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে যান বিজেপি সমর্থকেরাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। এক পর্যায়ে শুরু হয় ধস্তাধস্তি। ওঠে চোর স্লোগান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে চলে আসার পর সংবাদমাধ্যমের সামনে সরব হন তাঁর আইনজীবী অর্ক নাগ।

কলকাতা ও রাজ্য পুলিশকে একাধিকবার হুমকি ও হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে পাল্টা জিরো এফ আইআর দায়ের করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানান তিনি। ‌

ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী অর্ক জানান, অভিষেকের তরফে গিরিশ পার্ক থানায় আজ একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত পাঁচ-ছয় বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মতো নেতারা পুলিশকে সতর্কবার্তা দিয়েছেন এবং সংবাদমাধ্যমে নানা মন্তব্য করেছেন। অর্ক নাগের প্রশ্ন, সেই বিষয়গুলিতে কখনও কোনও পদক্ষেপ কেন নেওয়া হয়নি? তাঁর মতে, এবার পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই পদক্ষেপের দাবিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে।