হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলের

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা:কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল টুলু মন্ডলের এফআইআর খারিজের দাবিতে মামলার শুনানি। দেশের শীর্ষ আদালতের নির্দেশে দেশে ফিরতে বাধ্য হয়েছে টুলু। তিন সপ্তাহের রক্ষাকবচ দেওয়া হয়েছে টুলু মণ্ডলকে। কিন্তু কলকাতা হাইকোর্টের এফ আই আর খারিজের শুনানি হল‌ না।

এফআইআর খারিজ মামলায় দ্রুত শুনানির আবেদন করেছিলেন টুলু মণ্ডলের আইনজীবী। কিন্তু তা হল না। পাশাপাশি আরও একটি মামলায় টুলু মন্ডলের বিরুদ্ধে লুক আউট নোটিস নিয়ে এবার রাজ্যকে নির্দেশ দিল আদালত।

টুলু মন্ডলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরেছেন টুলু মণ্ডল। তাঁকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে যে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ভাবে রাজ্যের তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।

রাজ্য সরকারের পক্ষ থেকে আজ জানানো হয়, অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র অনুপস্থিত, তাই কিছুটা সময় দেওয়া হোক।

কিশোর দত্ত জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত তার রক্ষাকবচ বহাল থাকছে, তাই যত দ্রুত সম্ভব এই মামলা শুনানি গ্রহণ করা হোক।

বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, যেহেতু অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত, তাই এই মুহূর্তে মামলার শুনানি গ্রহণ করা সম্ভব নয়। আগামী ২৬ নভেম্বর মামলার শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন বিচারপতি।

পাশাপাশি টুলু মণ্ডলের দ্বিতীয় মামলায় বিচারপতি কৃষ্ণ রাও রাজ্যকে জানিয়েছে, টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও লুক আউট নোটিশ থাকলে আদালতকে তা তথ্য দিয়ে জানাতে হবে।