মোদীকে নিশানা রাহুলের

30

নিউজ ডেস্ক: বণিকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে রাহুল বলেছেন, গতকাল মোদীজি শিল্পপতিদের কটাক্ষ করে বললেন: আমরা কর কমিয়েছি, অথচ আপনারা না মজুরি বাড়িয়েছেন, না কর্মসংস্থান সৃষ্টি করেছেন। মোদীজি, এগুলো তাঁদের বিরুদ্ধে অভিযোগ নয়— বরং আপনার নিজেরই স্বীকারোক্তি। আপনি বলছেন, তাঁরা এতটাই ক্ষুধার্ত যে পেটই ভরছে না।
এরপরই মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন, বেশ ভালো বলেছেন! আসলে কে ক্ষুধার্ত, তা সারা দেশ জানে।
কারো নাম না করে রাহুল গান্ধী লিখেছেন, বিমানবন্দর, বন্দর, খনি, বনভূমি, বিদ্যুৎ, কয়লা, রাস্তাঘাট—সবই তো তাঁদের হাতে তুলে দিয়েছেন। তাঁরা কতগুলো কর্মসংস্থান তৈরি করেছেন?
বরাবরই নোটবন্দি ও জিএসটি নিয়ে সরব রাহুল। মোদীর মন্তব্যকে আক্রমণ করে বিরোধী দলনেতা লিখেছেন, ছোট ব্যবসায়ী আর এমএসএমই ক্ষেত্র, যারা কর্মসংস্থান সৃষ্টি করে, তাদের তো আপনি নোটবন্দি আর ত্রুটিপূর্ণ জিএসটি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর যে বড় কোম্পানিগুলো সততার সঙ্গে প্রতিযোগিতা করত, তাদের জন্য আপনি খেলার মাঠটাই পুরোপুরি মুছে ফেলেছেন। একচেটিয়া আধিপত্য কখনো কর্মসংস্থান তৈরি করে না, বরং তা জিনিসের দাম বাড়িয়ে দেয় এবং প্রতিযোগিতাকে শেষ করে ফেলে। “আপনারা করে দেখান, আমরা দেখব”— মোদীজি, লুটপাট তো আপনি আর আপনার বন্ধুরাই করেছেন— দেশ তা দেখেছে, এখনও দেখছে।
মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছেন, কেউ হাততালি দেয়নি বলে আপনি অপমানিত বোধ করছেন? আপনার নীতিগুলো এমন পর্যায়ে পৌঁছেছে যে, কারো পক্ষেই হাততালি দেওয়া সম্ভব নয়— না শিল্পপতিদের, না ছোট ব্যবসায়ীদের, না মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট গরিব ও মধ্যবিত্তের, আর না বেকার তরুণদের।
করোনার সময় প্রধানমন্ত্রী দেশবাসীকে বলেছিলেন থালা-বাসন পেটাতে। সেকথা স্মরণ করিয়ে দিয়ে রাহুলের কটাক্ষ, আপনার যে কজন অনুগামী এখনও অবশিষ্ট আছে, তাদেরই বলুন আপনার জন্য হাততালি দিতে আর থালা-বাসন পেটাতে!
বাণিজ্য সংগঠন ফিকি-র বার্ষিক অনুষ্ঠানে শিল্পপতিদের প্রধানমন্ত্রী শিল্পমহলকে প্রশ্ন করেন যে গত কয়েক বছরে কর্পোরেট কর ৩০ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে আয়করে, কিন্তু আপনারা কি কর্মীদের বেতন বাড়িয়েছেন? কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? এরপরই হাসিমুখে তা হয়নি বলে মন্তব্য করেছেন, আপনাদের এত খিদে যে যতই খাওয়াও পেট ভরে না। আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, মোদীজি আপনি করুন, আমরা দেখছি – এভাবে চলবে না।