বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে বিধিনিষেধ শিথিল

4

স্টাফ রিপোর্টার: আমেরিকা-ইরানের শান্তি সমঝোতার পর ভারতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। আমেরিকা-ইরানের যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাসবাহী জাহাজ চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে।
পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব নীরজ মিত্তল জানিয়েছেন, বাণিজ্যিক ও নন-ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের সরবরাহ প্রাক্-সংকট স্তরে ফিরিয়ে আনা হয়েছে এবং একলপ্তে এলপিজি সরবরাহ স্বাভাবিক চাহিদার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে তেল সংস্থাগুলি হোটেল-রেস্তোরাঁ এবং অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সক্ষম হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগে হোটেল-রেস্তোরাঁয় রান্নার জন্য ১৯ কেজির সিলিন্ডার যেমন পাওয়া যেত, এবার থেকে তেমনই পাওয়া যাবে। যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেত্রকে ৭০ শতাংশ দেওয়া হচ্ছিল। এখন ১০০ শতাংশই দেওয়া হবে। ঘাটতি থাকবে না, দাবি পেট্রোলিয়াম মন্ত্রকের।
বাণিজ্যিক সিলিন্ডারে ছাড় দিলেও গৃহস্থালির রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনও নিয়ম বদলায়নি। একটি সিলিন্ডার বুক করার পর ২৫ দিন অপেক্ষা করতে হবে পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য।
ইন্ডেন ডিলার সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দেওয়া হল। পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে, এবার গৃহস্থালির গ্যাসের ক্ষেত্রেও বিধিনিষেধ উঠে যাবে বলে আশা করা যায়।
তবে হরমুজ প্রণালী খুললেও গ্যাসের দাম এই মুহূর্তে কমছে না এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমলেও দেশে পেট্রোল-ডিজেলের দাম কমছে না।