রাহুলের পোস্টে ভারতের অসম্মান, সরব প্রধানমন্ত্রী

40

নিউজ ডেস্ক: রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের নেতাদের উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহাস করে সমাজমাধ্যমে পোস্ট করায় বিজেপি’র তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রী আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই টেবিলে বসতে পারতেন।
তিনি ট্রাম্প, শি ও পুতিনের বিরল ত্রিপক্ষীয় আলোচনার একটি ছবিও যুক্ত করেছেন এবং বলেছেন, আপস করে ফেলা কোনও প্রধানমন্ত্রী কখনোই এই টেবিলে বসতে পারেন না।
ত্রিপক্ষীয় বৈঠকের ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ভারতের প্রধানমন্ত্রী আজ এই টেবিলে বসতেন। আপস করে ফেলা কোনো প্রধানমন্ত্রী কখনোই এই টেবিলে বসতে পারেন না।
রাহুল গান্ধীর এই পোস্টের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। পাল্টা অভিযোগে তারা বলেছে, অতীতে কংগ্রেস সরকারই ভারতের স্বার্থের সঙ্গে আপস করেছিল।
বিজেপি মুখপাত্র তুহিন সিনহা কংগ্রেসের বিরুদ্ধে এই আপস বা সমঝোতার অভিযোগ প্রমাণ করতে ইন্দিরা গান্ধী সরকারের আমলে পাকিস্তানি যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া এবং মনমোহন সিংয়ের আমলে শাম-এল-শেখ বিবৃতির প্রসঙ্গ টেনে আনেন।
তিনি বলেন, ইন্দিরা গান্ধী শিমলা চুক্তির সময় আপস করেছিলেন। তিনি পাকিস্তানি সৈন্যদের মুক্তি দিয়েছিলেন, আর এরপরই পাকিস্তান ভারতে সন্ত্রাস রপ্তানি শুরু করে। তাঁর আরও অভিযোগ, কংগ্রেসের আপস করার ইতিহাস রয়েছে; এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে শাম-এল-শেখ বিবৃতির কথা উল্লেখ করেন।
মনে হচ্ছে ভারতকে বদনাম করার জন্যই রাহুল গান্ধীকে টাকা দেওয়া হয়, অভিযোগ করেছেন বিজেপি নেতা।
এর আগে, ভারতের বিদেশনীতি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। বিশ্ব ভূ-রাজনীতিতে ভারতকে সাইড প্লেয়ার হিসেবে অভিহিত করে রাহুল গান্ধী বিজেপির সঙ্গে রাজনৈতিক সংঘাত উসকে দিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে, পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মতো বড় শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে, তখন ভারত আন্তর্জাতিক আলোচনায় স্বাধীনভাবে প্রভাব ফেলার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
রাহুল গান্ধী বলেছেন, ভূ-রাজনীতির বিষয়ে ভারতের সবসময়ই অত্যন্ত গভীর ও পরিশীলিত বোঝাপড়া ছিল। আমাদের বিভিন্ন অংশীদারিত্ব ও সম্পর্ক থাকলেও, আমাদের নিজস্ব চিন্তাধারা ছিল। আয়তনের দিক থেকে ভারতের বৈশ্বিক পর্যায়ে স্বাভাবিকভাবেই একটি কণ্ঠস্বর রয়েছে এবং বৈশ্বিক আলোচনায় ভারতের সক্রিয়ভাবে যুক্ত থাকা উচিত। কিন্তু সত্যি বলতে, ভারত এখন কেবল একটি ‘পার্শ্ব চরিত্র’ হয়ে দাঁড়িয়েছে; অথচ পাকিস্তান এই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যস্ত রয়েছে।”
এর জবাবে বিজেপি রাহুল গান্ধীকে ‘পাকিস্তানের অনুরাগী’ বলে কটাক্ষ করেছে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন যে, রাহুল গান্ধী প্রতিবেশী দেশ পাকিস্তানকে ভারতের কূটনৈতিক প্রচেষ্টার আদর্শ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। প্রদীপ ভান্ডারি বলেন, রাহুল গান্ধী কেন পাকিস্তানকে নিয়ে এত আচ্ছন্ন? প্রতিটি বৈশ্বিক মঞ্চেই রাহুলকে পাকিস্তানের একজন অনুরাগী বা ‘ফ্যান বয়’-এর মতো আচরণ করতে দেখা যায়!