নজিরবিহীন অনুপ্রবেশ! সমুদ্র সাঁতরে মরক্কো থেকে স্পেনে অভিবাসীদের ঢল, ভাইরাল ভিডিও

23

নিউজ ডেস্ক: স্পেনে ২০২১-এর পুনরাবৃত্তি! উত্তর আফ্রিকায় দেশ মরক্কো থেকে স্পেনের সিউটা শহরে হঠাৎ করেই অভিবাসীর ঢল। একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ স্পেনের এই ছোট্ট ভূখণ্ডে প্রবেশ করায় প্রশ্নের মুখে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা। সমুদ্র পার করে সিউটা ঢোকার চেষ্টায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে স্পেন প্রশাসন, সীমান্তের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নিয়েছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সিউটার স্থানীয় প্রশাসন জানিয়েছে, এত বিপুল সংখ্যক অভিবাসীকে সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। তবে, ঠিক কতজন সীমান্ত পেরিয়ে সিউটায় ঢুকেছেন তা সঠিকভাবে বলতে পারছে না স্পেনের সিভিল গার্ড। পরিস্থিতি মোকাবিলায় আলোচনার পর অনুপ্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। অন্যদিকে, মরক্কোর মানবাধিকার সংগঠন ঘটনাটিকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন।

শরণার্থী সংকট গোটা বিশ্বের জন্য মাথাব্যথার কারণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্রে সাঁতরে এসে বেড়া ডিঙিয়ে মরক্কো থেকে স্পেনে প্রবেশ করতে দেখা গেছে প্রচুর মানুষকে। প্রত্যেকই এসেছেন মরক্কো থেকে। সমুদ্রসৈকতের বাঁধ টপকে তারা ঢুকে পড়েন স্পেনের মাটিতে। এই ঘটনার আগের দিন বুধবার বহু মানুষ সাঁতরে সিউটা পৌঁছন। গত সপ্তাহেই সিউটায় ১,৫০০-র বেশি অভিবাসী প্রবেশ করেছিলেন। প্রশাসনের দাবি, অভিবাসীদের আশ্রয় শিবিরগুলি ইতিমধ্যেই ধারণক্ষমতার বাইরে চলে গিয়েছে এবং বহু মানুষকে খোলা আকাশের নীচে রাত কাটাতে হচ্ছে।

উল্লেখ্য, উন্নত জীবনের আশা এবং ‘হিংসা’ থেকে বাঁচতেই ইউরোপে ঢুকছেন আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ। আর এই অভিবাসীদের কাছে সিউটা দীর্ঘদিন ধরেই অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ২০২১ সালের মে মাসেও একই ধরনের ঘটনায় মাত্র দুদিনে আট হাজারের বেশি অভিবাসী মরক্কো থেকে সিউটায় ঢুকে পড়েছিলেন। বর্তমানের এই পরিস্থিতি নতুন করে ইউরোপে অভিবাসন সংকটের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।