যোরহাটে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত ৩ ডাক্তার

17

নিউজ ডেস্ক: শুক্রবার গভীর রাতে স্থানীয় একদল যুবকের সঙ্গে বিরোধের জেরে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন চিকিৎসক ও এমবিবিএস-এর শেষ বর্ষের তিনজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে রয়েছেন ডা. ধীরাজ পেগু এবং অভিলেশ ও সুকুমার দাস সহ তিন ডাক্তারি পড়ুয়া। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাকবিতণ্ডার সময় ধারালো অস্ত্র দিয়ে ওই দলটির ওপর হামলা চালানো হয়।
ঘটনার পর ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হোস্টেলের বিপুল সংখ্যক আবাসিক পড়ুয়া হাসপাতালের বাইরে জড়ো হন এবং এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়ে ওঠে সেজন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আহতদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত লেগেছে।
এদিকে, স্থানীয় কয়েকজন যুবকের অভিযোগ, হাসপাতালের কাছে প্রকাশ্য জায়গায় কয়েকজন মেডিক্যাল শিক্ষার্থী মদের বোতল ভেঙেছিল। তার প্রতিবাদ করতেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।