‘মত্ত’ পুলিশের গাড়ির ধাক্কায় আহত ৫

26

নিউজ ডেস্ক: অসমের চিরাং জেলায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর সময় এক পুলিশ সাব-ইন্সপেক্টর প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ত্রাস সৃষ্টি করেছেন বলে অভিযোগ। বেশ কয়েকটি জায়গায় ধাক্কা খায় মত্ত পুলিশের গাড়ি। গাড়ির ধাক্কায় মহিলা ও শিশু সহ অন্তত পাঁচজন গুরুতর আহত। বাসুগাঁওয়ের আমগুড়ি থানার অন্তর্গত তুলসিজোড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত পুলিশকর্মী আমগুড়ি থানার সাব-ইন্সপেক্টর ঋতুমণি বরা। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালানোর সময় বরা সাধারণ পোশাকে ছিলেন এবং তিনি অত্যধিক মত্তা অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভিন্ন স্থানে দুটি ই-রিকশা ও এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। দুটি দুর্ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে ধাওয়া করে ওই পুলিশকর্মীকে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা বরাকে মারধর করে বলে জানা গেছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আমগুড়ি থানার ওসি রহিম বারি ঘটনাস্থলে পৌঁছে বরাকে ভিড়ের মধ্য থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে, বারি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।
এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। চিরাং জেলার সিনিয়র পুলিশ সুপার ধ্রুব বরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এসএসপি স্থানীয়দের আশ্বস্ত করেছেন যে, দুর্ঘটনা এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগের জন্য যদি ওই সাব-ইন্সপেক্টর দোষী সাব্যস্ত হন, তবে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ধ্রুব বরা পরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের খোঁজখবর নেন। আহতদের বঙাইগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।