১৪ মে, ২০২৬,কলকাতা : ভোটের ফল বেরনোর ১০ দিন পরে কেরলমের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে। মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হল কেরলমের বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতাকে ভিডি সতীশনকে। তাঁর নাম ঘোষণা করেন কেরলমে কংগ্রেস পর্যবেক্ষক দীপা দাশমুন্সী।
১০ বছর পর বামেদের থেকে কেরলমের ক্ষমতা দখল করেছে কংগ্রেস। ১৪০ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১০২টি। ৬১ বর্ষীয় ভিডি সতীশন কেরলমের ৬ বারের বিধায়ক। মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন কেরলমের সাংসদ কেসি বেণুগোপাল ও বর্ষীয়ান নেতা রমেশ চেনিতাল্লা।
মুখ্যমন্ত্রী পদে কেরলমের কংগ্রেস বিধায়কদের পছন্দ ছিলেন কেসি বেণুগোপাল। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হওয়ায় ধারণা করা হয়েছিল বেণুগোপালই হবেন কেরলমের পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু কেরলমের সাধারণ জনতার কাছে সতীশন ছিলেন প্রথম পছন্দ। এ ছাড়া দলের অন্দরেই হাইকমান্ডের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি, রাহুলের প্রাক্তন কেন্দ্র ওয়েনাড়ে তাঁকে হুমকি দিয়ে পোস্টারও পড়েছে। ওয়েনাড়ে পোস্টারে লেখা হয়েছে, মিস্টার রাহুল, কেসি আপনার ব্যাগ বয়ে দিতে পারেন। কিন্তু কেরলের মানুষ আপনাকে ক্ষমা করবে না।
জনতার চাপে শেষপর্যন্ত কেরলমের বিদায়ী বিরোধী দলনেতাকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে কংগ্রেস।