১৫ মে, ২০২৬: আজ থেকে পাঁচটি দেশে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রযুক্তি গত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করা।
মোদীর প্রথম গন্তব্য পশ্চিম এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরশাহি। সেখানে ৩ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে জ্বালানি সংকট মোকাবিলায় দুটি মৌ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করবেন। দুই রাষ্ট্র নেতার মধ্যে আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রসঙ্গও। উল্লেখ্য সংযুক্ত আরব আমিরশাহি ভারতের জ্বালানির প্রধান অংশীদার। ভারতে অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম সরবরাহকারী এবং এলপিজি সরবরাহের ক্ষেত্রে দ্বিতীয় স্থানাধিকারী।
আমিরশাহির সফর সেরে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালিতে। সম্প্রতি ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর প্রধানমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং, গ্রিন এনার্জি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও ডিজিটাল বাণিজ্য নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালির সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমান বছরে ৭ হাজার কোটি ডলারেও বেশি। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ লক্ষ কোটি টাকা। এর পরিমান আরও বাড়াতে উৎসাহী নয়া দিল্লি। বিদেশমন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন নেদারল্যান্ডসের সঙ্গে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর প্রকল্প নিয়ে আলোচনা হবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর ৫ দেশের বিদেশ সফরে জ্বালানি নিরাপত্তা, সেমিকন্ডাক্টর নির্মান, প্রতিরক্ষা সামগ্রী এবং মুক্ত বাণিজ্য নিয়ে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে।