১৫ মে, ২০২৬, দেবারতি ঘোষ : বিধানসভা ভোট পর্ব মিটতে না মিটতেই এবার পুরসভার ভোট নিয়ে তৎপরতা শুরু বিজেপির। বিধানসভা ভোটে এবার চার নেতার হাত ধরে ব্যাপক সাফল্যের মুখ দেখেছে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপির এই চার নেতা শমীক ভট্টাচার্য,শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের উপর তাই ফের বাজি ধরতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী সহ এই চার নেতাকে সামনে রেখেই ১২১টি পুরসভা এবং সাতটি পুরো নিগমের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বিজেপি। সে কথা মাথায় রেখেই জেলাভিত্তিক কর্মসূচি নিতে শুরু করছে বিজেপি। প্রাথমিকভাবে বিধানসভা ভোটের সাফল্যকে ধরে জেলায় জেলায় অভিনন্দন যাত্রা কর্মসূচি নিচ্ছে বিজেপি। ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে পদযাত্রায় শামিল হয়েছিলেন। ঠিক সেরকম ভাবেই জেলায় জেলায় বিধানসভা ভিত্তিক জনগণকে ধন্যবাদ জানানোর কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
বিজেপি সূত্রের খবর উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। আর দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে মূলত দক্ষিণবঙ্গে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্য গোটা রাজ্য জুড়েই প্রচার করবেন। রাজ্য সভাপতির পাশাপাশি রাজ্য জুড়ে প্রচারে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ।
প্রশাসন সূত্রে খবর চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই পুরসভাগুলোর মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে বেশ কিছু পুরসভায় দীর্ঘদিন ভোট হয়নি। বিধানসভা ভোটের সাফল্যকে সঙ্গে নিয়েই তাই নির্বাচন নিয়ে গরিমসি করতে নারাজ বঙ্গ বিজেপি। তাই ইতিমধ্যেই পুরো ভোট নিয়ে মাপঝোক করতে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব।
তবে গণতান্ত্রিক ভোট ব্যবস্থাকে কোন রকম ভাবে প্রহসনে পরিণত করার চেষ্টা যাতে না হয় তার জন্য কড়া নির্দেশ আছে কেন্দ্রীয় নেতৃত্বের। বঙ্গ বিজেপির দাবি পুরো ভোটগুলো যদি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হয় তাহলে জনসাধারণের সমর্থন সংক্রান্ত জল মাপা অনেকটাই সহজ হয়ে যায়। তাই সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ যাতে মানুষ করতে পারে সে ব্যাপারে নজর রাখবে প্রশাসন। তাই বিধানসভা ভোটে ব্যাপক সাফল্যের পরও নিশ্চিন্তে বসে না থেকে পুরো ভোট নিয়ে ইতিমধ্যেই কোমর বাঁধতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি।