কেরলমের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ সতীশনের, উপস্থিত রাহুল, প্রিয়াঙ্কা বিজয়ন

14

নিউজ ডেস্ক : সোমবার সকাল ১০টা নাগাদ তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে কেরলমের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। সতীশনের সঙ্গে শপথ নেন ২০ জন কংগ্রেস বিধায়কও। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কেরলমের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

কেরলমে এক দশক পর ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। ১৪০টি আসনের মধ্যে ১০২টিতেই জিতেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সিপিএম নেতৃত্বাধীন বাম জোট জিতেছে মাত্র ৩৫টি আসনে। গত বৃহস্পতিবারই কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে ৬ বারের বিধায়ক সতীশনের নাম ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বর্ষিয়ান নেতা রমেশ চেন্নিতালাকে দৌড়ে হারিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন ভিডি সতীশন। তাঁর নাম প্রস্তাব করেছিলেন কেরলমের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। এদিন সেই বৃত্তই সম্পূর্ণ হল, কেরলমের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন।