গুয়াহাটিতে ওয়াটার মেট্রো পরিষেবা

4

নিউজ ডেস্ক : দেশব্যাপী ওয়াটার মেট্রো পরিষেবায় স্থান পেয়েছে গুয়াহাটি। জানিয়েছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। কেন্দ্রীয় সরকারের শহরভিত্তিক জলপথে চলাচল পরিষেবায় গুয়াহাটির পাশাপাশি স্থান পেয়েছে শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা ও প্রয়াগরাজ। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হতে পারে অসমের আরও দুটি শহর, তেজপুর ও ডিব্রুগড়।


দক্ষিণ ভারতের কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবার সাফল্যের পর কেন্দ্রীয় সরকার এই প্রকল্প গোটা দেশে ছড়িয়ে দিতে চাইছে। এর ফলে শহরের যানজটে নাকাল যাত্রীরা জলপথে যাতায়াত করতে পারবেন অনেক কম খরচে। ওয়াটার মেট্রো প্রকল্পের কয়েকটি ভালে দিক উল্লেখ করেন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। অনেক কম খরচে এই প্রকল্প তৈরি হবে, জমি অধিগ্রহণের প্রয়োজন প্রায় নেই, পরিচালনের খরচও অনেক কম।


ওয়াটার মেট্রো প্রকল্পে দৈনন্দিন যাত্রীর পাশাপাশি সুবিধা পাবেন পর্যটকরাও। জলপথে ভ্রমণ করা যাবে বিভিন্ন দর্শনীয় স্থান। জাহাজের ডিজাইন, টার্মিনাল, জেটি নির্মাণ, পরিকাঠামো উন্নয়ন এবং সুরক্ষার যাবতীয় ব্যবস্থা থাকবে ওয়াটার মেট্রো প্রকল্পে। যে সব শহরে দশ লক্ষের বেশি মানুষ বাস করেন, সেখানে ওয়াটার মেট্রো পরিষেবা পৌঁছবে, বিশেষ করে সে সব শহরে, যেখানে যানবাহনের চাহিদা খুব বেশি এবং পর্যটনের সম্ভাবনা রয়েছে।