অভিষেকের ‘সম্পত্তি’ বিড়ম্বনায় সায়নী ঘোষ

14

কলকাতা: হরিশ মুখার্জি এবং কালীঘাট রোডে অভিষেকের দুটি বাড়ির অবৈধ নির্মাণ কেন ভাঙা হবে না তা জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনীতি এবং সামাজিক মাধ্যমে শোরগোল। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির একটি তালিকা সামাজিক মাধ্যমে দেখা যায়। যদিও তার সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। সেই তালিকাতেই রয়েছে, ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীমতী সায়নী ঘোষের একটি সম্পত্তি রয়েছে।

কিন্তু কে এই সায়নী ঘোষ? তিনি কি তৃণমূলের যাদবপুরের সাংসদ? এনিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই প্রসঙ্গে বাধ্য হয়েই সংশয় দূর করতে সামাজিক মাধ্যমেই অবতীর্ণ হয়েছেন সাংসদ সায়নী ঘোষ।

এক্স পোস্ট করে সায়নী দাবি করেছেন, ‘আমি বলতে পারব না কে এই সায়নী ঘোষ? তবে নিশ্চিতভাবে বলতে পারি এ সেই সায়নী ঘোষ নন যে আজ পর্যন্ত রাজনীতি থেকে অপ্রত্যাশিত কোনও লাভ করছে! মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং আমি কৃতজ্ঞ।’

তবে ইঙ্গিতপূর্ণভাবে সায়নী আরও লিখেছেন, ‘আমার ভোটারদের জানাতে চাই নির্বাচনী হলফনামায় আমার সম্পত্তির বিবরণ দিয়েছি। সেই রেকর্ড পরীক্ষা করুন। প্রমাণ ছাড়াই যাঁরা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তাঁরা অবিলম্বে এটা বন্ধ করুন।’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিখ্যাত পঙক্তি ‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির’ উদ্ধৃত করে সাংসদ সায়নী ঘোষের হুঁশিয়ারি, ‘যাঁর ভুল তথ্য ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। সায়নী ঘোষকে সহজে কাবু করা যাবে না।’