অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ আছেন জোজো, নিজেই জানালেন সে কথা

7

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ আছেন সঙ্গীত শিল্পী জোজো। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় সঙ্গীত শিল্পীর৷
অনেকদিন আগে শ্যুটিংএর সময় পরে গিয়ে পায়ে চোট পান জোজো। সেই সময় হিপ জয়েন্টে ফ্র্যাকচার হয়৷ কোনও রকমে কড়া ডোজের ওষুধ, ইঞ্জেকশন দিয়ে কাজ সারছিলেন। জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শোয়ের ফাইনাল পর্যন্ত লাঠি নিয়ে কাজ করেছেন তিনি।

সম্প্রতি সেই চোটের ওপরে আবার চোট লাগে৷ এদিন বেসরকারি হাসপাতাল থেকেই সংবাদমাধ্যমকে জোজো জানান, বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। পাঁচ দিনের মধ্যে শিল্পীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। তবে তার আগে ফিজিওথেরাপির পর এক্স-রে রিপোর্ট দেখবেন চিকিৎসকরা৷ যদি সব কিছু ঠিক থাকে তাহলে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা সঙ্গীতশিল্পীর৷ তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই কাজে ফিরতে পারবেন না জোজো৷ চিকিৎসকেরা তাঁকে বেশ কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

জোজো জানিয়েছেন ‘এখন সঙ্গীত শিল্পীদের অফ সিজন। তাই শোয়ের খুব একটা চাপ নেই। তাই এই সময়টাই অস্ত্রোপচারের জন্য বেছে নিয়েছিলাম। আমি ভাল আছি। আমার জন্য যারা প্রর্থণা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।’ এখন কবে পুরোপুরি সুস্থ হয়ে আবার জোজো মঞ্চে ফেরেন তার অপেক্ষায় তাঁর ভক্তরা।