ISL: ২২ বছরের খরা কাটবে ময়দানের বাঙাল তাঁবুর?

1,205

নিউজ ডেস্ক, কলকাতা: জমে উঠেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-র লড়াই। শিরোপার দৌড়ে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। লক্ষ্মীবারে কোন তাঁবুতে উঠবে ভারত সেরার শিরোপা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। পাড়ায় পাড়ায় এখন চলছে জোর অঙ্ক কষা। লিগ শীর্ষে থাকা ইস্টবেঙ্গলের সামনে ২২ বছরের খরা কাটানোর সুযোগ। অন্যদিকে মোহনবাগানের সামনে চতুর্থ আইএসএল জয়ের সুযোগ। দৌড়ে রয়েছে পঞ্জাব এফসি ও মুম্বই সিটি এফসিও।

কোন অঙ্কে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল?

১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। গোল পার্থক্যে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইন্টারকাশীকে হারাতে পারলে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। ইন্টারকাশীর বিরুদ্ধে ড্র করলে ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে মোহনবাগান বনাম দিল্লি ম্যাচের দিকে। মোহনবাগান যদি ড্র করে তাহলে চ্যাম্পিয়ন হবে লাল-হলুদ শিবির। এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গল যদি ড্র করে আর মুম্বই বা পঞ্জাবের মধ্যে কেউ জিতে যায় তাহলে সে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে ইস্টবেঙ্গল যদি ড্র করে আর মোহনবাগান বনাম দিল্লি এবং পঞ্জাব বনাম মুম্বাই এফসি ম্যাচ ড্র হয় তবে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। আবার ইস্টবেঙ্গল হারলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। ইস্টবেঙ্গল যদি ইন্টারকাশীর বিরুদ্ধে হেরে যায়, আর মোহনবাগানও যদি দিল্লির বিরুদ্ধে হেরে যায়, আর পঞ্জাব ও মুম্বই এফসি ম্যাচ ড্র হয় তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল হলুদ।

কোন অঙ্কে চ্যাম্পিয়ন মোহনবাগান?

১২ ম্যাচে ২৩ পয়েন্ট রয়েছে মোহনবাগানেরও। তবে গোল পার্থক্যে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে ৫ গোলে পিছিয়ে রয়েছে মোহনবাগান। ফলে চ্যাম্পিয়ন হতে গেলে ইস্টবেঙ্গলের দিকে তাকিয়ে থাকতে হবে মোহনবাগানকে। ইস্টবেঙ্গল যদি ইন্টারকাশীকে হারায় তবে সেই ম্যাচে ইস্টবেঙ্গলের ব্যবধানের থেকে অন্তত ৬ গোলের বেশি ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে। অর্থাৎ ইস্টবেঙ্গল যদি ইন্টারকাশীকে ১-০ গোলে হারায়, সেক্ষেত্রে মোহনবাগানকে দিল্লি এফসির বিরুদ্ধে ৭-০ গোলে জিততে হবে। ইস্টবেঙ্গল ড্র করলে বা হারলে দিল্লি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন মোহনবাগান।

পঞ্জাব এফ সি ও মুম্বই সিটি এফসির খেতাব জয়ের অঙ্ক কী?

লিগ জয়ের সামনে রয়েছে পঞ্জাব এফসি ও মুম্বই সিটি এফসিও। ইস্টবেঙ্গল ও মোহনবাগান যদি নিজেদের ম্যাচ হেরে যায় তাহলে পঞ্জাব বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ যে জিতবে সেই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে।