তামিলনাড়ুতে ৬০ বছর পর কংগ্রেসের মন্ত্রী, শপথেই রাহুলের নামে জয়ধ্বনি, বিতর্ক

53

নিউজ ডেস্ক: কার্যত ইতিহাস তৈরি করল কংগ্রেস। দীর্ঘ ৬০ বছর পর তামিলনাড়ুতে মন্ত্রিসভায় জায়গা পেল তারা। কিন্তু তারপরেও বিতর্ক পিছু ছাড়ল না কংগ্রেসের।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ু সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের দুই বিধায়ক। তবে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠের পর প্রয়াত কংগ্রেস নেতা কামরাজ, রাজীব গান্ধী এবং বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নামে জয়ধ্বনি দেন কংগ্রেসের রাজেশ কুমার। এই পরিস্থিতির জন্য শপথের অনুষ্ঠানে উপস্থিত অভ্যাগতরা কিছুটা অবাকই হন। কংগ্রেস নেতার এমন আচরণের প্রায় সঙ্গে সঙ্গেই রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর মুচকি হেসে বলেন, ‘এই অংশটি আপনার শপথের অংশ হিসেবে ছিল না।’ সদ্য মন্ত্রী রাজ্যপালের মার্জিত ভর্ৎসনায় পাল্টা মুচকি হেসে কোনও উত্তর না দিয়েই শপথের পরবর্তী পর্বে সরকারি খাতায় সই করতে এগিয়ে যান।

এর আগে কুড়ি বছর ডিএমকের সঙ্গী হিসেবে থাকলেও মন্ত্রিসভায় ছিল না কংগ্রেস। এবারও ডিএমকে সঙ্গী হিসেবেই ভোটে লড়াই করেছে কংগ্রেস। কিন্তু ভোটের পর অঙ্কের খেলায় টিভিকের সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস।

১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে প্রধান জোসেফ বিজয়। তাঁর সঙ্গে শপথ নিয়েছিলেন আরও ৯ মন্ত্রী। বৃহস্পতিবার হল মন্ত্রিসভার সম্প্রসারণ। ২১ জন টিভিকে বিধায়ক এবং ২ কংগ্রেস বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন।