শুরুর ধাক্কা কাটিয়ে স্বপ্নের দৌড়, আইপিএলের শেষ চারে পৌঁছবে কেকেআর?

1,335

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ চারে পৌঁছবে কোন দল? প্রথম তিনটি দলের নাম চূড়ান্ত হয়ে গেলেও চতুর্থ দল হিসেবে কে পৌঁছবে শেষ চারে? ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চারের জায়গা পাকা করেছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট তুলে শেষ চারে জায়গা পাকা করে নিয়েছে গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ। চতুর্থ দল হিসেবে শেষ চারে পৌঁছনোর লড়াই এখন।

আইপিএলের চতুর্থ স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব সুপার কিংস। ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট পেলেও নেট রানরেটে ষষ্ঠস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। প্রতিটি দলের সামনেই রয়েছে শেষ চারে জায়গা পাকা করার সুযোগ।

আইপিএলের ইতিহাসে এবারই সবচেয়ে খারাপ শুরু করেছিল কেকেআর। প্রথম ৬ ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি রাহানে-রিঙ্কুরা। একটা সময় তো কেকেআরের বদলে কিং খানের দলকে কেকেহার বলে ডাকা শুরু হয়ে গিয়েছিল। এর পরই জ্বলে ওঠে তিলোত্তমার নাইটরা। শেষ ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচ জিতে শেষ চারের লড়াই টিকিয়ে রেখেছেন মনীশ পান্ডে-ফিল অ্যালেনরা। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবেন রাহানেরা। কলকাতা নাইট রাইডার্স যদি সেই ম্যাচ জেতে তাহলে তাঁদের সামনে খুলে যেতে পারে আইপিএলের প্লে অফের দরজা। মুম্বাই যদি রাজস্থানকে হারিয়ে দেয় এবং লখনউ যদি পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয় তাহলে ১৫ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স।

রাজস্থান ও পাঞ্জাব নিজেদের ম্যাচ জিতে গেলে কেকেআরের পক্ষে শেষ চারের অঙ্ক জটিল হয়ে যাবে। রাজস্থান ও পাঞ্জাব জিতল এবং কেকেআরও যদি শেষ ম্যাচ জেতে তাহলে দেখা হবে নেট রানরেট। তবে কলকাতার সুবিধা তারা লিগের একদম শেষ ম্যাচ খেলবে। ফলে সমস্ত পরিস্থিতি বিচার করে নামতে পারবে। সেক্ষেত্রে দিল্লিকে বড় ব্যবধানে পরাস্ত করতে পারলেই প্লে অফে পৌঁছে যাবে কিং খানের নাইটরা। ফলে আইপিএলের বাকি ম্যাচ কার্যত এখন কলকাতার কাছে মহারণ।