নিউজ ডেস্ক : দীর্ঘ ১৩ বছর হাওড়া পুরনিগমে ভোট হয়নি। তৃণমূল জমানায় প্রশাসক বসিয়ে এতদিন কাজ চলছিল। ফলে নাগরিক পরিষেবানিয়ে নানা সময়ে নানা অভিযোগ ছিল নগরবাসীর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বালি পুরসভা সহ হাওড়া পুরনিগমের ভোট হবে এ বছরেই। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন হাওড়া শহরের উন্নয়ন, আইনশৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে ছিলেন হাওড়ার জেলাশাসক, হাওড়া পুরনিগম এলাকার চার বিধায়ক, রেলের আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, হাওড়া পুলিশ কমিশনারের আধিকারিক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ‘বহু পুরনো শহর হাওড়া। কিন্তু রেলকে বাদ দিয়ে হাওড়া শহরের উন্নয়ন সম্ভব নয়। বিগত সরকারের কাছে রেল ছিল শত্রু। রেলকে সঙ্গে নিয়েই হাওড়া শহরের উন্নয়ন করা হবে।’
হাওড়ার নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ ছিল। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে তাঁরা যে বিষয়গুলির ওপর জোর দিচ্ছেন তা হল নাগরিকদের কাছে পরিশ্রুতি পানীয় জল পৌঁছে দেওয়া, আবর্জনা পরিষ্কার, নিকাশি ব্যবস্থা সহ পুরনিগম পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানকে ঠিকমতো পরিচালিত করা। এনিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন হাওড়ার জেলাশাসক এবং তদারকি করবেন পুর ও নগর উন্নয়ন দফতের সচিব।’
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, ‘হাওড়ার সামগ্রিক উন্নয়নে রেল কী কাজ করবে এবং সরকার কী কাজ করবে তা নিয়ে স্থির করা হবে। এজন্য একটি তালিকা তৈরি করা হবে।’
শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, ‘আগামী দিনে আসন পুনর্বিন্যাসের কাজ মিটিয়ে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত পুরনিগমে এবং পুরসভার হাতে দায়িত্ব তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ‘
কলকাতা সহ শিলিগুড়ি, হাওড়াতেও অবৈধ নির্মাণ, জলাশয় বোজানো সহ একাধিক অভিযোগ রয়েছে। ক্ষমতায় আসার পরই এই সমস্ত অভিযোগ নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই কলকাতা ও শিলিগুড়িতে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়াতেও কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ‘হাওড়া শহরে অবৈধ নির্মাণ নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন হবে। জলাশয় বোজানো সহ নানা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক হিংসা, মহিলাদের ওপর আক্রমণ সহ অন্যান্য অপরাধের পুরনো অভিযোগগুলির ফাইল খোলারও নির্দেশ পুলিশকে দেওয়া হয়েছে।’
হাওড়া পুরনিগমে ৬৬ ওয়ার্ড রয়ছে। এখানে ২০১৩ সালে শেষ নির্বাচন হয়। তার থেকে তৃণমূল জমানায় প্রশাসক বসিয়ে পুরসভার কাজ চালিয়ে যাওয়া হয়েছে।