এবার হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

22

পৃথা দাশগুপ্ত, কলকাতা: গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দিলীপ মণ্ডল। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের আবেদন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের। দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। ওই এফআইআরগুলি যাতে খারিজ করা হয় তারও আর্জিও জানানো হয়েছে।

মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার ২৬ মে মামলাটির শুনানি সম্ভাবনা।

দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। বিরোধীদের উদ্দেশে হুমকি, তোলাবাজি, বিরোধীদের মিছিলে হামলা সহ একাধিক অভিযোগ। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অর্ঘ্য মণ্ডলকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকি দিয়েছেন দিলীপ। থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে।