অসম বিধানসভায় ফিরল লাল-চা, কুকিস!

14

মোদীর কৃচ্ছ্রসাধনের বার্তার পর বিশেষ পদক্ষেপ অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত দাসের। নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত দাসের নির্দেশে বিধানসভায় ফিরে এল লাল চা, কুকিস। কনবয় ত্যাগ করে নিজেও পায়ে হেঁটে সদনে আসছেন অধ্যক্ষ। ইন্ধনের পাশাপাশি ব্যয় সংকোচনের বার্তা সতীর্থদের।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন অসম বিধানসভার অধ্যক্ষ। অধিবেশনের দ্বিতীয় দিনের কাজকর্ম শুরু হয় সকাল সাড়ে নটায়। গাড়ি, কনবয় ত্যাগ করে পায়ে হেঁটে সদনে এলেন নবনিযুক্ত অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। জ্বালানি সাশ্রয়ের জন্যই এই পদযাত্রা, সাংবাদিকদের জানালেন অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। তবে শুধু ইন্ধন বা জ্বালানি নয়। রাজ্যপালের ভাষণের পর টি-পার্টিতেও খরচ কম করতে জোর দিলেন অধ্যক্ষ। বিধানসভায় ফের ফিরে এল লাল চা-কুকিসের পরম্পরা। নবনিযুক্ত বিধায়কদের আপ্যায়ন করা হল লাল চা, কুকিস, নারকেলের নাড়ু ও পিঠা দিয়ে।


উল্লেখ্য, অসম বিধানসভায় দ্বিতীয়বার অধ্যক্ষের আসনে বসেছেন রঞ্জিতকুমার দাস। আগের কার্যকালেও বিধানসভায় লাল চা ও কুকিসের প্রচলন করেছিলেন তিনি। বর্তমানে মোদীর কৃচ্ছ্রসাধনের বার্তার পর ফের সাশ্রয়ী হলেন অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি প্লাস।