তেলের দাম বাড়ছে, বাড়বে বাসের ভাড়া! কী সিদ্ধান্ত বাস সংগঠনগুলির

22

পৃথা দাশগুপ্ত, কলকাতা: পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ১১০ ছাড়িয়েছে। ডিজেল ১০০ টাকা ছুঁই ছুঁই। এবার কী বাসের ভাড়াও বাড়বে? আরও আর্থিক বোঝা চাপবে সাধারণ নিত্যযাত্রীদের? নতুন সরকারের কাছে সেই আবেদনই করতে চলেছে বাস মালিক সংগঠনরা। কলকাতায় দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বৃদ্ধি হয়নি বলে দাবি বাস সংগঠনের। ২০১৮ সালে অনেক কাঠ খড় পুড়িয়ে বাস সংগঠনগুলি ভাড়া বৃদ্ধিতে সফল হয়েছিলেন। তারপর কেটে গিয়েছে আট বছর। তখন তৃণমূলের সরকার ছিল। এখন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার।

ঘটনাচক্রে ২০১৮ সালে তৃণমূলের সরকারে পরিবহন মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। আর এখন তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই এ বার রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নতি, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহণ শিল্পেকে উন্নত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বৈঠক করতে চান জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স। বৃহস্পতিবার নবান্নে একটি চিঠি পাঠানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যত দ্রুত সম্ভব সংগঠন গুলির সঙ্গে যাতে বৈঠকে বসেন সেই আবেদন জানানো হয়েছে। ‌

চিঠিতে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতি ও জনজীবনের অন্যতম প্রধান ভরসা গণপরিবহণ। বেসরকারি বাস, মিনিবাস, অ্যাপ ক্যাব, স্কুলবাস-সহ বিভিন্ন ক্ষেত্রের পরিবহণ সংগঠনগুলি এক হয়ে গঠন করেছে জয়েন্ট ফোরাম। রাজ্যের সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছে জয়েন্ট ফোরাম। জ্বালানির মূল্যবৃদ্ধি, রক্ষণাবেক্ষণের খরচ, যাত্রী পরিষেবা, রাস্তায় যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তার মাশুল দিতে হচ্ছে মালিক এবং কর্মীদের। সেই কারণেই সরকার ও পরিবহণ সংগঠনগুলির একটি বৈঠকের প্রয়োজন বলে মনে করছে জয়েন্ট ফোরাম।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির কর্তা রাহুল চট্টোপাধ্যায়, অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়, সিটি সাবার্বান বাস সার্ভিসের টিটু সাহা, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কো-অর্ডিনেশন কমিটির প্রণব মানি এবং পুল কার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সুদীপ দত্তের স‌ই রয়েছে চিঠিতে। তারা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সময়মতো যে কোনও সময় তারা বৈঠকে বসতে রাজি। রাজ্য সরকারের সঙ্গে এই বৈঠক ইতিবাচক হবে এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিবহন শিল্পের উন্নতি হবে আশাবাদী ফোরামের সদস্যরা।

বর্তমানে যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে, তাতে বাসভাড়া বৃদ্ধির দরকার। গণ পরিবহণ পরিষেবা ধুঁকছে, দাবি জয়েন্ট ফোরামের সদস্যদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৈঠকের জন্য কবে সময় দেন সেটাই দেখার।