কাছাড়ের কালাইনছড়ায় মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী

4

নিজস্ব প্রতিনিধি, কাটিগড়া: কাছাড় জেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য। কালাইনছড়ায় হেরোইন সহ গ্রেফতার দুই ড্রাগস পাচারকারী।

এ ব্যাপারে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ৬নং জাতীয় সড়কে অভিযানে নামে কাছাড় পুলিশ। জাতীয় সড়কে গাড়িতে তল্লাশির সময় ধরা পড়ে দুই ড্রাগস পাচারকারী। মিজোরাম থেকে আসা AS-ET-6933 নম্বরের একটি গাড়িতে উদ্ধার হয় বিপুল পরিমাণে হেরোইন। ২২টি সাবানের বক্সে উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম মাদক। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানান, বাজেয়াপ্ত ড্রাগসের মূল্য প্রায় দেড় কোটি টাকা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই ড্রাগস পাচারকারীকে। ধৃতদের নাম আশিকুর রহমান ও মুক্তার হোসেন। উভয়ের বাড়ি অসমের নগাঁও জেলায়। মিজোরাম থেকেই এই ড্রাগস অসমে নিয়ে আসা হয়েছিল।