গ্রেফতার স্বরূপ বিশ্বাস, শ্লীলতাহানি ও প্রতারণার অভিযোগে ধৃত

39

দেবারতি ঘোষ, কলকাতা: কলকাতার রাজনীতি এবং টলিপাড়ার অন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিকে কেন্দ্র করে। বৃহস্পতিবার নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।

স্বরূপ বিশ্বাস বিশ্বাস তৃণমূলের ১৫ বছরের রাজত্বকালে দীর্ঘদিন ধরে টালিগঞ্জ স্টুডিওপাড়ার এক প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রাক্তন মন্ত্রী ও টালিগঞ্জ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাসের ভাই। একসময় টলিউডের বিভিন্ন সাংগঠনিক এবং স্টুডিও সংক্রান্ত কার্যকলাপে তাঁর প্রভাব নিয়ে বিস্তর আলোচনা ছিল রাজনৈতিক ও চলচ্চিত্র মহলে।

পুলিশ সূত্রে খবর, এক মহিলার অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অভিযোগে শ্লীলতাহানি ছাড়াও প্রতারণার মতো গুরুতর ধারার উল্লেখ রয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কলকাতা পুলিশ। ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে।

রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, একসময় টালিগঞ্জ স্টুডিওপাড়ায় স্বরূপ বিশ্বাসের প্রভাব ছিল যথেষ্ট। চলচ্চিত্র জগতের বিভিন্ন অংশের সঙ্গে তাঁর যোগাযোগ এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে অতীতেও একাধিকবার আলোচনা হয়েছে। টালিগঞ্জ স্টুডিওপাড়ার টেকনিশিয়ান থেকে বিভিন্ন পরিচালকরা বিভিন্ন সময়ে সরব হয়েছিলেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালী মন্ত্রীর ভাই হওয়ার দরুন তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগই ধোপে টেকেনি।

পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হবে, যাতে ঘটনার আরও বিস্তারিত তদন্ত করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলে বিক্ষোভ প্রদর্শন থেকে শুরু করে তাঁর বাড়িতে বৈঠক, বেশিরভাগ সময়ই অনুপস্থিত থেকেছেন স্বরূপের দাদা অরূপ বিশ্বাস।