তোলাবাজি-কাটমানি, পুরী থেকে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

37

পৃথা দাশগুপ্ত, কলকাতা: গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষ। পুরী থেকে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।‌ তাঁর বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি-সহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে পুলিশ তাকে খুঁজছিল। ‌এর আগে ওড়িশা সীমান্ত সংলগ্ন বেলদা এলাকা থেকে সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ সহযোগী তথা তাঁর ব্যক্তিগত গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ পৌঁছয় পুরীতে।

২০২২-২০২৩ সালে ১০৮ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি বাজারে নতুন করে টিন ও শাটার লাগিয়ে বেশ কিছু দোকান তৈরি হয়। ব্যবসায়ীদের কে কোন দোকান পাবেন তা নির্ধারণ করে একটি নির্দিষ্ট গোষ্ঠী। অভিযোগ, দোকানের আকার অনুযায়ী আলাদা আলাদা দাম ঠিক করে দেওয়া হয়। সেই অনুযায়ী টাকাও নেওয়া হয়।‌ সেখানেই থেমে থাকেনি। ‌ এরপরও তাঁদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

কাউন্সিলর সুশান্তর বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে হকারদের থেকে টাকা তোলার। শুধু তাঁর বিরুদ্ধেই নয় । তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধেও এক‌ই অভিযোগ। আনন্দপুর থানায় হকার্স কমিটির ১৩০ জন সদস্য কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বাজারে জায়গা পাইয়ে দেওয়া হবে, ‌এই প্রলোভন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা তোলাবাজি করেছেন বলে অভিযোগ। আনন্দপুর থানায় প্রায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তালিকায় সবার প্রথম নাম ছিল কাউন্সিলর সুশান্ত ঘোষের

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওড়িশায় গা ঢাকা দিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এরপর কলকাতা পুলিশের একটি দল পৌঁছায় পুরীতে। সেখান থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পালা বদলের পরেই কলকাতা পুরমনিগমের ১২ নং বোরো-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুশান্ত। শুক্রবার কলকাতায় নিয়ে আসার পর আদালতে পেশ করা হবে সুশান্ত ঘোষকে।