মেসিকাণ্ডে তিনবার হাজিরা এড়িয়ে বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন মন্ত্রী অরূপ

29


পৃথা দাশগুপ্ত, কলকাতা: তিনবার হাজিরা এড়ানোর পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অবশেষে হাজিরা দিলেন বৃহস্পতিবার।
মেসি কাণ্ডে এদিন সকাল ৯.৫৫ মিনিটে কালো কাঁচ দেওয়া একটি গাড়িতে করে থানায় প্রবেশ করেন। প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট পর বিধাননগর উত্তর থানা থেকে বের হন অরূপ। একের পর এক নোটিস। বেশ কিছুদিন বেপাত্তা। হাইকোর্টের নির্দেশকে অমান্য করেই কার্যত একের পর এক হাজিরা এড়িয়েছেন অরূপ। বুধবার মেসির টিম-এর পক্ষ থেকে বিধাননগরের কমিশনারকে চিঠি দেওয়া হয়। অবশেষে অরূপ বিশ্বাস থানায় এলেন। হাইকোর্টের নির্দেশ, হাজিরা তাঁকে দিতেই হবে এবং তদন্তে সহযোগিতাও করতে হবে। এদিন অরূপ বিশ্বাসের আইনজীবীকে জিজ্ঞাসাবাদের সময় প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছে, যা ধরে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে, প্রশ্ন করা হচ্ছে।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্ট ঘিরে চূড়ান্ত উত্তেজনা ও বিশৃঙ্খলা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ভারতে মেসিকে আনার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। প্রথম থেকেই তৎকালীন ক্রীড়া মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সমাজ মাধ্যমে তাঁর ছবি ট্রোল হতে দেখা যায়। অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তর জেল হেফাজত হয় । ৩৮ দিন পর তিনি জামিনে ছাড়া পান।
এরপর রাজ্যে পালা বদল। মেসি কান্ডের ফাইল আবার নাড়াচাড়া করা হয়। অরূপ বিশ্বাসের নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জানান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু।

এর পর একাধিকবার অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় পুলিশ। কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন। অরূপ বিশ্বাসের আইনজীবীকে একাধিক প্রশ্ন করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য শতদ্রুর অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে ১৭ অগাস্ট পর্যন্ত শর্তসাপেক্ষে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়।‌ তবে আদালত স্পষ্ট জানায়, পুলিশ ডাকলে নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। তিনবার হাজিরা এড়ানোর পর সেই রায়কেও চ্যালেঞ্জ করে নতুন করে মামলা করেন শতদ্রু দত্ত।

মেসিকাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের