প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে আটক বাংলাদেশি তরুণী

67

আজারা : বড়ঝাড় বিমানবন্দরে আটক এক বাংলাদেশি তরুণী। প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন বাংলাদেশ থেকে। এমনটাই দাবি ধৃত তরুণীর। উপযুক্ত নথি দেখাতে না-পারায় তাঁকে আটক করে সিআইএসফ। জেরায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার কথা স্বীকার করে নেন তিনি।

পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন ধৃত তরুণী। জেরায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে থেকে যান বেঙ্গালুরু। সেখান থেকে বিমানে এসে পৌঁছন গুয়াহাটিতে। এয়ার ইন্ডিয়া বিমানে চেপে গুয়াহাটি আসেন তিনি। তাঁর কাছ থেকে ভুয়ো আধার কার্ড উদ্ধার করে সিআইএসএফ। সেই কার্ডে তাঁর নাম রয়েছে পূজা দাস। ভারতে ঢোকার জন্য দালালচক্রের সাহায্য নিয়েছিলেন তিনি। জেরায় অকপট স্বীকারোক্তি ধৃত তরুণীর। ভারতে প্রবেশের আগেই তাঁর হতে এসে পড়েছিল ভুয়ো আধারকার্ড। সেখানে ঠিকানা ছিল পশ্চিমবঙ্গের দয়াগঞ্জের। হিন্দু মহিলার পরিচয়ে তিনি বাংলাদেশে থেকে ভারতে এসেছেন।

২৪ বছর বয়সি ওই তরুণী বাংলাদেশের রাজধানী ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা, দাবি সিআইএসএফের। অবৈধভাবে ভারতে প্রবেশ নিয়ে আজারার বিএসএফের মুখ্যকার্যালয়ে জেরা করা হয় বাংলাদেশি তরুণীকে। সবদিক খতিয়ে দেখছেন বিএসএফ আধিকারিকরা। ওই তরুণী কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না দেখা হচ্ছে সেটাও।

বাংলা থেকে বেঙ্গালুরু সফরকালে তরুণী কোথায় কোথায় গিয়েছেন, কোথায় ছিলেন, কাদের সঙ্গে দেখা করেছেন, সবটাই তদন্ত করে দেখছে বিএসএফ। তাঁকে ভারতে জায়গা করে দেওয়ার পেছেন কারা জড়িত, সেটাও খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। খোঁজ চলছে ভুয়ো আধারকার্ড তৈরি করে দেওয়া দালালচক্রের। পুলিশ সূত্রে জানা গেছে, আপাতত তরুণীকে রাখা হবে গোয়ালপাড়া জেলার ডিটেনশন ক্যাম্পে।