তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ দিদির প্রিয় বালুর, বাড়ছে দূরত্ব?

40

পৃথা দাশগুপ্ত, কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্তরে ফের ভাঙন। দলের বর্ষীয়ান নেতা ,প্রাক্তন মন্ত্রী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে তিনি তৃণমূলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ১৯৭৮ – ২০২৬, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বস্ত নেতা হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিকের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

ইস্তফাপত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটিতে জায়গা পেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দলের পুনর্গঠনের সময়ে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নেতৃত্ব। কিন্তু সেই দায়িত্ব গ্রহণের আগেই শারীরিক কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

সূত্রের খবর, চিঠিতে জ্যোতিপ্রিয় লিখেছেন, তাঁর রক্তে শর্করার মাত্রা ৩৫০-তে পৌঁছেছে। কিডনির জটিল সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। বিছানা থেকে উঠতে তাঁর কষ্ট হয়। আগামী দিনের শারীরিক অবস্থা কী থাকবে তার কথা ভেবেই তিনি আর কোনও দায়িত্ব নিতে পারবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠদের মধ্যে প্রথম সারিতেই ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক । তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকাল থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গে যেমন সামিল হয়েছিলেন তিনি , ঠিক তেমনি তার খারাপ দিনেও দিদি তার হাত ছাড়েননি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র জেল হেফাজতে থাকার পরেও তাঁর উপর ভরসা রেখেছিলেন দলনেত্রী। কিন্তু এবার দলের বিপর্যয়তে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জ্যোতিপ্রিয় মল্লিকের।