পৃথা দাশগুপ্ত, কলকাতা: ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসকে সামনে রেখে কলকাতায় শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। আজ ‘রান ফর যোগা’ ম্যারাথনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, রাজ্যের একাধিক মন্ত্রী, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ সহ বিশিষ্টজনরা।
রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার ১১টি জায়গা এবং বিভিন্ন জেলায় এই ম্যারাথনের আয়োজন করা হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা পুরসভার সামনে জমায়েত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মসূচির সূচনা করেন। পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনে অংশ নেন তিনি।
ম্যারাথন শেষে মহাকরণের সামনে অনুষ্ঠিত হয় যোগাসন কর্মসূচি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগব্যায়ামে অংশ নেন মন্ত্রী থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রেড রোডে। সকাল ৬টা ১৫ মিনিট থেকে জমায়েত শুরু হবে এবং আধ ঘণ্টা পরে শুরু হবে মূল যোগাভ্যাস কর্মসূচি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা।