বিমানবন্দরে অভিষেক নামার আগেই বিজেপি-তৃণমূলের হাতাহাতি, ধুন্ধুমার বিমানবন্দরে

30

পৃথা দাশগুপ্ত: তুমুল উত্তেজনা বিমানবন্দরে। বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার আগেই উত্তপ্ত হয়ে উঠল বিমানবন্দর চত্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ করে ডিম ছোঁড়ার পরিকল্পনা। এই অভিযোগকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকরা। অবশেষে বিমানবন্দর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা। স্পিকারের সঙ্গে বৈঠক শেষ করে তাঁর কলকাতায় ফিরে আসার কথা। সেই কারণে বিমানবন্দর এলাকায় আগে থেকেই জমায়েত করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। পাশাপাশি ছিল বিজেপির কর্মী সমর্থকরাও। কিছু বিজেপি সমর্থকদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ডিম ছোঁড়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ । তাঁকে ঘিরেই রণক্ষেত্র।‌

ডিম ছোঁড়া এখন একটা ট্রেন্ড। শুরুটা হয়েছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই। শারীরিক হেনস্থার পাশাপশি তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম উড়ে আসতে থাকে। এরপর তৃণমূলের একাধিক নেতাকে ডিম ছোঁড়া হয়।

একদিন আগে আলিপুর আদালত চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘিরে। সৌজন্যে সেই ডিম থেরাপি । বৃহস্পতিবার আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে যান তিনি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ভিড় জমাতে শুরু করেন আইনজীবীরা। মামলাকারী থেকে শুরু করে সাধারণ মানুষও হাজির। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আদালত চত্বরে শুরু হয়ে যায় স্লোগান-কটাক্ষ৷ অনেকে ডিম ছোঁড়ার হুঁশিয়ারি দেন।

তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে নামার আগে থেকে বাইরে পার্কিং এলাকা-সহ বিভিন্ন জায়গায় ডিম হাতে নিয়ে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। অভিযোগের তির বিজেপির দিকে। তৃণমূল সমর্থকদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার পরিকল্পনা ছিল। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ।

বিষয়টি বুঝতে পেরে বিমানবন্দরে উপস্থিত তৃণমূল সমর্থকরা বাধা দেন।‌ এরপর দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়। উত্তেজনা চরম আকা নিলে ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ কর্মী এবং অতিরিক্ত পুলিশ বাহিনী হস্তক্ষেপ করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় রাত সাড়ে দশটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পৌনে এগারোটায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌