ASSAM BUDGET: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করাই লক্ষ্য অসমের বাজেটে

13

নিউজ ডেস্ক: ৬ জুলাই থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার বাজেট অধিবেশন(ASSAM BUDGET)। ১০ জুলাই বাজেট পেশ করবেন অসমের নতুন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। সুশাসনের সঙ্গে বাস্তবসম্মত এবং গ্রহণশীলতা থাকবে বাজেটে, জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী। এইসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনী সংকল্পপত্রে যেসব প্রতিশ্রুতি ছিল সেটা পূরণের চেষ্টা করা হবে বাজেটে।

জয়ন্ত মল্লবরুয়া বলেছেন, সমাজের সব স্তরের মানুষের আকাঙ্ক্ষা মেটাবে আসন্ন বাজেট। একইসঙ্গে বাজেট হবে বাস্তবসম্মত। মানুষের চাহিদা অনন্ত, তবে অসমের সর্বস্তরের মানুষের এবং সব সম্প্রদায়ের চাহিদা মেটানোর বিষয়টি থাকবে বাজেটে।

আমার রাজনৈতিক জীবনে অর্থমন্ত্রী হিসেবে এটাই প্রথম বাজেট। নির্বাচনের সময় আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসব পূরণের চেষ্টা করা হবে বাজেটে, জানিয়েছেন জয়ন্ত মল্লবরুয়া। প্রসঙ্গত তিনি বলেছেন, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে বহু আলোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে।

অসমের অর্থমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হল সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ না করে রাজস্ব বৃদ্ধি। করদাতাদের সংখ্যা বৃদ্ধিও লক্ষ্য অসমের বাজেটে।