ARUNACHAL PRADESH: বৃষ্টি-ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ

40

নিউজ ডেস্ক: ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছে অরুণাচলের মানমাও-চাংলাং সড়ক। হড়পা বান ও ভূমিধসের জেরে বুধবার সকাল থেকে বিপর্যস্ত অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা। কেয়ি পানইয়োর এলাকায় ১৫টি বাড়ি জলের তোড়ে ভেসে গেছে। নিখোঁজ বেশ কয়েকজন, তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। চাংলাং জেলায় পুরনো জুখি ও নতুন জুখির মাঝে মানমাও-চাংলাং সড়কের বিশাল অংশ বসে গেছে ভারী বৃষ্টির জেরে। এই এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। টানা দুদিনের বৃষ্টিতে বেশকিছু রাস্তা, বাড়ি এবং সরকারের কিছু প্রতিষ্ঠানও বিপর্যস্ত।

কেয়ি পানইয়োর জেলায় বুধবার ভূমিধসের পর উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা। কেয়ি পানইয়োর জেলার পুসা অঞ্চলে নিপকো কলোনির পাশে তিনটি গ্রামে ব্যাপক প্রভাব পড়েছে ভূমিধসের জেরে। জেলাশাসক শ্বেতা নাগরকোটি মেহতার অনুরোধে শিলংয়ে অবস্থিত ইস্টান এয়ার কমান্ড সহায়তা করছে অরুণাচলের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে, রাজধানী ইটানগর থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে পিটাপুল হয়ে কিয়ি পানইয়োর জেলার ক্ষতিগ্রস্ত অংশে। বিরূপ আবহাওয়ার মধ্যে বায়ুসেনার একটি হেলিকপ্টার পৌঁছেছে হলোঙ্গিতে এবং তারপর গিয়েছে পিটাপুলে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে এভাবে পৌঁছেছে এনডিআরএফ এবং রাস্তা ঠিক করার সরঞ্জাম।

এদিকে, ভূমিধসের পর পাপুম পারে জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। পাপুম পারের সঙ্গে পশ্চিম অরুণাচলের বিভিন্ন জেলার সংযোগ বিচ্ছিন্ন টানা বৃষ্টি ও হড়পা পানের জেরে। বুধবারের বৃষ্টিতে ব্যাপক ভূমিধসের প্রভাবে পোতিন ও ডাকতে-হজ সেতু ক্ষতিগ্রস্ত। সাগালির জেলাশাসক কিপা রাজা জানিয়েছেন, সাগালি ও হোজ জংশন পয়েন্টের মাঝে ১৩ নং জাতীয় সড়ক এবং ৭১৩এ নং জাতীয় সড়কে পোতিন ও ডাকতে-হজ ব্রিজ পয়েন্টের মাঝের রাস্তা ভূমিধসের ফলে বন্ধ রয়েছে।

কেয়ি পানইয়োর জেলায় উদ্ধার হয়েছে ৩৫ বর্ষীয় স্কুলশিক্ষিকার দেহ। ইয়াজালির নিপকো কলোনির বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। প্রশাসন জানিয়েছে যে আরও চারজন এখনও নিখোঁজ, তার মধ্যে এক কিশোর।

বৃষ্টির জেরে পানইয়োর নদীর জল বেড়ে যাওয়ায় পাহাড় থেকে কাদামাটি নিয়ে জলস্রোত এসেছে নিম্নাঞ্চলের গ্রামে। অন্তত ১৫টি বাড়ি ভেসে গিয়েছে পুসা এলাকায়। উদ্ধার কাজে নেমেছে কেন্দ্র ও অরুণাচলের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, জেলা প্রশাসন, ভারতীয় বায়ুসেনা। ইটানগর-হোজ-ইয়াজালি সড়কপথে উদ্ধার কাজ চালানোর সময় দুজনকে উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে একজন জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানী।

ভারী বৃষ্টির জেরে(ARUNACHAL PRADESH) অরুণাচল প্রদেশের অন্তত ছয়টি জেলা ক্ষতিগ্রস্ত। এগুলি হল আপার সুবনসিড়ি, কামলে, লোয়ার সুবনসিড়ি, কুরুং কুমে, ক্রা ডাডি এবং কেয়ি পানইয়োর। কিমিন রুট এবং ইটানগর-হোজ-ইয়াজালি জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ পাথর পড়ে বন্ধ। পাক্কে কেসাং ও পূর্ব কামেং জেলার সংযোগকারী সেতু হোজ ব্রিজও বন্ধ।