আমি তো বলিনি যে আমার কণ্ঠস্বর নয়, তাহলে কেন নমুনা সংগ্রহ? অভিষেক

21

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “আমি তো বলিনি যে আমার কণ্ঠস্বর নয়, তারপরও নমুনা সংগ্রহের প্রয়োজন পড়ছে কেন?”। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী ২৯ তারিখ শুনানির সম্ভাবনা।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মে মাসে একটি জনসভায় অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের বিরুদ্ধে প্রথম বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।

তদন্তভার হাতে পাওয়ার পর অভিষেককে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকরা। ডিজে মামলার তদন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিআইডি। এরপর এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এবার সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক।

আদালতে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?”

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। আগামী সোমবার এই মামলার শুনানি হবে।