উত্তর-পূর্বে নজর জেহাদিদের, IMK-এর বিরুদ্ধে চার্জশিট NIA-র

8

বিনয় কলিতা: উত্তর-পূর্বে জেহাদিদের নেটওয়ার্ক উৎখাতে বড় সাফল্য পেল NIA। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি পরিচালিত IMK-এর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর দীর্ঘদিন ধরে NIA এই আইএমকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্বে অভিযান চালিয়েছিল। ওই অভিযানে গ্রেফতার হয়েছিল সংগঠনের ১১ কুখ্যাত জঙ্গি সদস্য। অসম-ত্রিপুরা ও পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। মুসলিম যুবকদের মগজধোলাই দিয়ে সংগঠনে অন্তর্ভুক্ত করেছিল তারা। ফলে উত্তর-পূর্বে IMK বা ইমাম মহমদুল খলিফা নামের সংগটনটি বেশ জাল বিস্তার করে। অসমে এই সংগঠনের মাস্টার মাইন্ড ছিল নাসিম উদ্দিন। ত্রিপুরায় কাজকর্ম পরিচালনা করত জাগীর মিয়াঁ। এদের বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট জমা দিল NIA। সূত্রের খবর, এই জেহাদিরা গোপন বৈঠকের পাশাপাশি ধর্মীয় প্রচারের মাধ্যমে সাংগঠনিক কাজকর্ম করত। এমনকি সামাজিক মাধ্যমেও চলত IMK-এর প্রচার। শুক্রবার মোট ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটের প্রত্যেক পাতায় পাতায় রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য।