পুলিশের হাতে গ্রেফতার, এবার ইডির নজরেও দেবরাজ চক্রবর্তীর তোলাবাজি মামলা

33

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আরও বড়সড় আইনি বিপাকে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া সদর থানা এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হন দেবরাজ। এবার বাগুইআটির এক নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে পৃথক তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইডি সূত্রে খবর, বাগুইহাটি থানায় দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি সহ যে সমস্ত ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছিল, সেগুলির ওপর ভিত্তি করেই এবার ইসিআইআর দায়ের করেছে ইডি। দুর্নীতির পরিমাণ এত বেশি এবং বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের উৎস খুঁজতেই এই তদন্তভার নিল ইডি। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলাতেও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই ও ইডি তল্লাশি চালিয়েছিল।

বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের হয়েছে।‌ নিজেদের বেআইনি মালিকানা আড়াল করতে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি তাঁদের আত্মীয়, এবং অন্যান্য বেনামি ব্যক্তিদের নামে হস্তান্তর করেছিলেন।

আইনি রক্ষাকবচ পেতে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সী দুজনেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে হাইকোর্ট দেবরাজের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেও, তাঁর স্ত্রী অদিতি মুন্সীর আর্জি মঞ্জুর করে। দেবরাজের জামিনের আবেদন খারিজ হতেই তৎপরতা বাড়ায় পুলিশ এবং গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়া থেকে গ্রেফতারের পর দেবরাজকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং আজই তাঁকে আদালতে পেশ করা হবে। বিধাননগর ও বাগুইআটি এলাকায় ব্যাপক তোলাবাজি, দুর্নীতি এবং বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির মালিকানা সংক্রান্ত অভিযোগ ওঠার পরই দেবরাজ ও তাঁর স্ত্রী, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগীতশিল্পী অদিতি মুন্সীর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।