নিউজ ডেস্ক: অসমের বন্যাত্রাণের জন্য পিএম কেয়ার্স তহবিলে টাকা কাজে লাগনো উচিত বলে মত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। সমাজমাধ্যমে খাড়গে লিখেছেন যে বন্যামুক্ত উত্তর-পূর্ব ভারতের প্রতিশ্রুতি দিলেও সেটা করতে ব্যর্থ হয়েছে বিজেপি। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি শোকপ্রকাশ করেছেন খাড়গে।
বন্যামুক্ত অসমের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, কিন্তু ঘটনা হল প্রতি বছর বন্যায় বিপর্যস্ত অসম, লিখেছেন খাড়গে। তাঁর মতে, যথার্থ পরিকল্পনা-প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি প্রতিকার ব্যবস্থা রূপায়ণের কোনও পরিকল্পনাই নেই সরকারের। এরপর খাড়গের তোপ, কেন্দ্রীয় সরকারের উচিত এই ঘটনাকে ফি-বছরের বিপর্যয় হিসেবে না দেখে গুরুত্ব দিয়ে বিবেচনা করা। বন্যাত্রাণে পিএম কেয়ার্সের টাকা কাজে লাগানো হোক, দাবি খাড়গের।
এইসঙ্গে কংগ্রেস সভাপতি প্রশংসা করেছেন এনডিআরএফ, সংশ্লিষ্ট রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী।