পুনের কেতন হত্যা মামলায় অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল

30

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে পুণের লোহাগড় কেল্লায় কেতন আগরওয়াল নামের এক যুবকের মর্মান্তিক হত্যাকাণ্ড খবরের শিরোনামে রয়েছে। পুণের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যা মামলায় অভিযুক্ত কেতনের হবু স্ত্রী সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হল। উল্লেখ্য, গত ১৮ জুন পুণের লোহাগড় দুর্গ থেকে খাদে পড়ে মৃত্যু হয় কেতনের। প্রাথমিক ভাবে পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা বলে মনে করেলেও পরে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ, সিয়া এবং তাঁর প্রেমিক চেতন পরিকল্পনা করে এই হত্যা করেছেন। ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয়েছে কেতনকে এমনই অভিযোগ আসে। দু’জনকেই খুন এবং ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। কয়েকমাস আগেই মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রী সোনম এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ ওঠে। কিন্তু সেই রাজা হত্যাকাণ্ডে যে ধরনের উপযুক্ত প্রমাণ না মেলায় সোনম জামিন পেয়ে যান, তবে সেই ভুল যাতে কেতন হত্যাকণ্ডে না হয়, তাই পোক্ত প্রমাণ সংগ্রহে কোনও রকম ফাঁক রাখতে চাইছেন না তদন্তকারীরা। কিন্তু সূত্রের খবর, প্রত্যক্ষদর্শী না থাকায় এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ না মেলায় এই মামলা অনেক চ্যালেঞ্জিং হয়ে উঠছে প্রতিনিয়ত। অন্যদিকে বৃহস্পতিবার তদন্তের প্রয়োজনে সিয়াকে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিল পুলিশ। একটি ভিডিয়োতে দেখা যায়, পুলিশি প্রহরায় বাড়ি থেকে বেরোচ্ছেন সিয়া। তবে তারমধ্যে বিন্দুমাত্র অনুশোচনা তো দূরস্থ নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সিয়া গোয়েলকে সংবাদমাধ্যমের কর্মীদের দিকে তাকিয়ে মধ্যমা দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়।