পৃথা দাশগুপ্ত,কলকাতা:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় বড় বিপাকে। কলকাতা হাইকোর্টে আইনি লড়াইয়ে আপাতত বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট তাঁর গ্রেফতারিতে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দিল না। এমনকি আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা শুনলেন না।
আগাম জামিন সংক্রান্ত মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলেও মামলার শুনানি না শুনেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে সুমিত রায়ের আগাম জামিনের আবেদনও মিলল না। অন্তর্বর্তী সুরক্ষাও মিলল না।
এজলাসে শুনানির সময় সুমিত রায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন জানান। আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, “এই আদালতকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবেন না।”
সুমিত রায়ের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, “এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব?” বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন, এর আগে এই মামলা অন্য বেঞ্চ শুনেছে। এই অবস্থায় মামলার শুনানি হবে না।
প্রসঙ্গত, প্রথমে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই আগাম জামিনের আবেদন করেছিলেন সুমিত রায় । বিচারপতি জয় সেনগুপ্ত মামলার কেস ডায়েরি ও আবেদনকারীর হলফনামা তলব করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি হাইকোর্টের সার্কিট বেঞ্চে থাকায় মামলার শুনানি সম্ভব হয়নি। পাশাপাশি বিচারপতি সেনগুপ্ত এখন অসুস্থ। এরপর মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ওঠে। তিনি জানিয়ে দেন, বিচারপতি জয় সেনগুপ্ত ফিরলেই তাঁর এজলাসেই মামলার শুনানি হবে। তাই তিনি মামলাটি শুনতে অস্বীকার করেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে নতুন বেঞ্চ গঠনের আবেদন করেন সুমিত রায়ের আইনজীবীরা। সেই আবেদনের ভিত্তিতেই মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে পাঠানো হয়। কিন্তু তিনিও বিচারপতি শুভ্রা ঘোষের অবস্থানকে সমর্থন করে মামলা থেকে সরে দাঁড়ালেন। ফলে বেশ বিপাক সুমিত রায়।