অসমে শুরু বাজেট অধিবেশন

47

নিউজ ডেস্ক: ৬ জুলাই থেকে শুরু হয়েছে অসমের বাজেট অধিবেশন। ১০ জুলাই বাজেট পেশ করবেন নতুন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পেশ করবে সরকার, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
নতুন বিলের মধ্যে রয়েছে পর্যটন ও জমি আইন পরিমার্জন, গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি প্রতিষ্ঠা প্রভৃতি। প্রশাসনিক ও পরিকাঠামো উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এসব বিল আনা হবে, বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মা।
১৮৬৭ সালের সরাইয়া আইনে পরিমার্জন করে আসাম ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট রেজিস্ট্রেশন আইন, ২০২৪ (পরিমার্জিত) করা হবে। এর ফলে হোটেল ও হোমস্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ হবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত বলেছেন, হোটেল ও হোমস্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরল করতে আমরা সরাইয়া আইন, ১৮৬৭ পরিমার্জন করব।
এইসঙ্গে সরকার আসাম ল্যান্ড রেভেনিউ রেগুলেশন আইনের দ্বাদশ অধ্যায় পরিমার্জনের বিল আনবে। যেটা হবে হিমন্তের ভাষায় শক্তিশালী পরিমার্জন বিল। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ইতিমধ্যে ক্যাবিনেট গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি বিল, ২০২৬-এ সম্মতি জানিয়েছে। গুয়াহাটি স্যাটেলাইট সিটি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন অসমের মুখ্যমন্ত্রী।
এসব বিল ছাড়া ক্যাবিনেট ইতিমধ্যে কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে আসাম পুলিশের ১১২ পরিষেবা আধুনিক করতে ৯৭.৯০ কোটি টাকা মঞ্জুর, বিশ্বনাথ চারিআলিলতে দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানা তৈরির জন্য আমুল সংস্থাকে ৩৩ শতাংশ জমি হস্তান্তর।