নিউজ ডেস্ক: শান্তিপূর্ণ এবং আইন মোতাবেক প্রতিবাদের সাংবিধানিক রক্ষাকবচ আছে, শুধু প্রতিবাদ করলেই লাঠিচার্জের যুক্তি খাড়া করা যায় না, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের।
দিল্লিতে সংসদ চলো অভিযানে পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া এবং বিহারের সিওয়ানে বিক্ষোভকারীদের উদ্দেশে পুলিশের একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করেন আরজেডি সাংসদ মনোজ ঝা। প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার প্রথম শুনানি হয়েছে। সেখানেই আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ প্রসঙ্গে কড়া মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র।
প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র বলেছেন, শান্তিপূর্ণ, আইন মোতাবেক প্রতিবাদে সংবিধানের স্বীকৃতি আছে। যতক্ষণ পর্যন্ত প্রতিবাদ শান্তিপূর্ণ, কোনও বিধিনিষেধ ভঙ্গ না করে প্রতিবাদ হলে, শুধু প্রতিবাদ হচ্ছে বলেই লাঠিচার্জ করার যুক্ত খাড়া করা যায় না। এটা শুধু দিল্লির ঘটনা নয়, সবক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশাসন এবং প্রতিবাদী, উভয় পক্ষই অঙ্গাঙ্গিভাবে যুক্ত।
এরপর তিনি বলেন, প্রতিবাদ-বিক্ষোভে যদি কেউ আঘাত পেয়ে থাকে, সেটা বিক্ষোভকারী বা পুলিশ, যেই হোক না কেন, সেটা আমাদের চিন্তার বিষয়। আমরা কেন্দ্রকে বলতে পারি, এধরনের আন্দোলন শান্তিপূর্ণভাবে সামলাতে কেন পুলিশকে যথেষ্ট সরঞ্জাম দেওয়া হয়নি, তাদের সবার হেলমেট থাকা উচিত ছিল।
শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি আগামিকাল, মঙ্গলবার।